বাংলাদেশ ফুটবল লিগে বড় জয় পেয়েছে ঢাকা মোহামেডান। তবে তাদের প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ড্রতেই খুশি থেকেছে।
লিগে আজ ছিল চার ম্যাচ। অপর দুই ম্যাচের মধ্যে পুলিশ এফসি ও ফকিরেরপুল মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। আর রহমতগঞ্জ ৩-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। তবে এই মৌসুমে তারা আছে নানা সংকটে। ফুটবলার, কোচিং স্টাফরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এর মধ্যেও দলটি লিগে ভালো করার চেষ্টা চালাচ্ছে।
আজ কুমিল্লার শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে মোহমেডান মুখোমুখি হয় পিডব্লিউডির বিপক্ষে। ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাংয়ের হ্যাটট্রিকে ৪-০ গোলে জয় পায় ঢাকার ঐতিহ্যবাহী দলটি। তবে প্রথম গোলটি আসে মোজাফফর মোজাফফরভের পা থেকে, স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন তিনি।
এ নিয়ে লিগে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট কম তাদের।
এদিকে, আবাহনীর অবস্থা আরও শোচনীয়। আজ কিংস অ্যারেনায় ঢাকা আবাহনী খেলতে নামে ফর্টিস এফসির বিপক্ষে। ম্যাচে আধিপত্য ছিল ফর্টিসের। কিন্তু কোনো দলই গোল পায়নি।
বিএফএল লিগের ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী বর্তমানে ৫ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
রহমতগঞ্জ আজ জয় পাওয়ায় তাদের পয়েন্ট ১০। এককভাবে তারা এখন টেবিলের দ্বিতীয় স্থানে। ফর্টিস ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়।

