Yassine Bounou Moroccoদুটি পেনাল্টি শট ঠেকিয়ে দেন মরক্কো গোলকিপার ইয়াসিন বোনু। ছবি: গেটি ইমেজেস

রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে উত্তেজনা, চাপ আর প্রত্যাশার ভার বইতে বইতেই শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল স্বাগতিক মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে নাইজেরিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে জায়গা করে নিয়েছে আটলাস লায়ন্সরা।

টাইব্রেকারে মরক্কোর নায়ক গোলরক্ষক ইয়াসিন বোনু। সামুয়েল চুকউয়েজে ও ব্রুনো অনিয়েমায়েচির শট ঠেকিয়ে দেন তিনি। এরপর ইউসুফ এন-নেসিরির ঠান্ডা মাথার শটে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। গ্যালারিজুড়ে তখন উচ্ছ্বাস, পতাকা আর উৎসবের রঙ।

ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল গোল পাওয়া সহজ হবে না। দুই দলেরই আক্রমণ ছিল সীমিত, মাঝমাঠে লড়াই বেশি। প্রথমার্ধের প্রায় আধা ঘণ্টা পেরোনোর পর মরক্কোর সেরা সুযোগটি নষ্ট করেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ব্রাহিম দিয়াজ। আচরাফ হাকিমির ক্রস থেকে হেড নিতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

নাইজেরিয়ার আক্রমণভাগও ছিল নিষ্প্রভ। ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকম্যান পুরো ম্যাচেই তেমন সুযোগ পাননি। প্রথমার্ধে লুকম্যানের দূরপাল্লার একটি শট সহজেই সামলে নেন বোনু।

বিরতির পর ম্যাচের গতি আরও ধীর হয়ে আসে। সুযোগ তৈরি হচ্ছিল হাতে গোনা। দ্বিতীয়ার্ধে হাকিমির একটি শট ক্যালভিন বাসির হাতে লাগার ঘটনায় মরক্কো শিবির পেনাল্টির আবেদন জানালেও ভিএআর হস্তক্ষেপ করেনি। রেফারির সিদ্ধান্তই বহাল থাকে।

অতিরিক্ত সময়েও আধিপত্য দেখায় মরক্কো, তবে স্পষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারের আগে বড় সিদ্ধান্ত নেন নাইজেরিয়ার কোচ এরিক শেলে। দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে তুলে নেন তিনি। সেই সিদ্ধান্তই পরে প্রশ্নের মুখে পড়ে। যদিও বদলি পল অনুয়াচু নিজের শট থেকে গোল করেন, তবে চুকউয়েজে ও অনিয়েমায়েচির ব্যর্থতায় ছিটকে যায় সুপার ঈগলসরা।

মরক্কোর হয়ে এন-নেসিরির শেষ শটের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে নেমে আসে উল্লাসের ঢল। প্রায় দুই দশক পর আফ্রিকা কাপের ফাইনালে উঠল তারা। সর্বশেষ ২০০৪ সালে ফাইনাল খেলেছিল মরক্কো, আর শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে।

এই জয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল মরক্কো। স্বাগতিক হিসেবে ফাইনালে ওঠা ১৫তম দল তারা। তবে সামনে চ্যালেঞ্জ আরও কঠিন। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ ২০২১ সালের চ্যাম্পিয়ন সেনেগাল।

নিজেদের মাটিতে শিরোপার স্বপ্ন দেখছে পুরো মরক্কো। তবে সাদিও মানে ও সেনেগালের অভিজ্ঞ দল সেই স্বপ্ন ভেঙে দিতে প্রস্তুত—সেটাই এখন দেখার অপেক্ষা।