দ্বিতীয় বিভাগের ক্লাব আলবাসেতের বিপক্ষে অপ্রত্যাশিত হারেই কোপা দেল রে থেকে বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই এমন ফল স্বাভাবিকভাবেই হতাশা বাড়িয়েছে সান্তিয়াগো বার্নাব্যু শিবিরে।
ম্যাচের আগে তারকা নির্ভরতা কমিয়ে দল সাজান আরবেলোয়া। বিশ্রামে রাখেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, রদ্রিগো ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। সুযোগ দেওয়া হয় একাডেমির দুই তরুণ—হোর্হে সেসতেরো ও দাভিদ হিমেনেসকে। তবে ফলাফল শেষে এই সিদ্ধান্তই প্রশ্নের মুখে পড়েছে।
আলবাসেতে প্রথম আঘাত হানে ৪২ মিনিটে। হোসে লাজোর নেওয়া কর্নার থেকে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার জাভি ভিয়ার। প্রায় পুরো প্রথমার্ধে বল দখলে আধিপত্য রেখেও পিছিয়ে পড়ে রিয়াল।
তবে দ্রুত ঘুরে দাঁড়ায় লা লিগার ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক রাউল লিসোয়ানের ভুল কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করলেও ম্যাচের ভাগ্য বদলায় শেষ আট মিনিটে। বদলি হিসেবে নামা হেফতে বেতানকোর জোড়া গোলেই ইতিহাস গড়ে আলবাসেতে। এর মাঝখানে গনসালো গার্সিয়ার গোল সাময়িক স্বস্তি দিলেও শেষ রক্ষা হয়নি রিয়ালের।
পরিসংখ্যান বলছে, প্রথম ৪২ মিনিটেই প্রায় ৮০ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে শেষ পর্যন্ত।
ম্যাচ শেষে দায়িত্ব নিজের কাঁধে নেন কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, “এই ফলাফলের জন্য দায় একান্তই আমার। দল নির্বাচন থেকে শুরু করে কৌশল—সব সিদ্ধান্ত আমিই নিয়েছি। হারকে আমি ভয় পাই না। ব্যর্থতা থেকেই উন্নতির পথ তৈরি হয়।”
তিনি আরও জানান, এর আগেও আরও কঠিন হার দেখেছেন তিনি। এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য দলকে আরও শক্ত করবে বলেই বিশ্বাস সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডারের।
জাভি আলোনসোর বিদায়ের পর দায়িত্ব নেওয়া আরবেলোয়ার জন্য এটি যে মোটেও কাঙ্ক্ষিত শুরু নয়, তা বলাই বাহুল্য। এর আগে স্প্যানিশ সুপার কাপেও বার্সেলোনার কাছে হেরে চাপে পড়েছিল রিয়াল।
দ্বিতীয় বিভাগের ক্লাব, তাও লিগ টেবিলের নিচের দিকে থাকা একটি দলের কাছে এমন হার—রিয়াল সমর্থকদের হতাশা বাড়িয়েছে বহুগুণ। অনেকেই এখনই প্রশ্ন তুলছেন, আরবেলোয়ার কোচিং অভিজ্ঞতা ও এই নিয়োগের সময়োপযোগিতা নিয়ে।
কোপা দেল রে থেকে বিদায়ের ধাক্কা সামলে এখন সামনে তাকাতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে আরবেলোয়ার যাত্রা যে শুরুতেই কঠিন বাস্তবতার মুখোমুখি হলো, সেটি আর অস্বীকার করার সুযোগ নেই।

