এবার পাকিস্তান মাতাবেন ‘ফিজ’
ভারতের উগ্রবাদীদের হুমকির কারণে এবার আইপিএলে খেলার সুযোগ হারালেন মোস্তাফিজুর রহমান। তবে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসারের ক্যারিয়ার থেমে থাকেনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার মোস্তাফিজকে দেখা যাবে, যা নিশ্চিত করেছে লিগের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম।
পিএসএলের অফিশিয়াল পেজে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, “ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।”
এবারের পিএসএল ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে। মোস্তাফিজ এর আগে একবার এই লিগে খেলেছেন—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ৭ বছর পর আবারও তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে ফেরার অপেক্ষায়।
মোস্তাফিজের কোন দলে নাম হবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে যে দল পাবেন, সেটি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এবার পিএসএল প্রথমবার ৮ দলের হয়ে আয়োজন হচ্ছে এবং এটি টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে।
গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দিয়েছিল। এবার আইপিএলের নিলামে মোস্তাফিজকে কলকাতা ছাড়াও চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস নিয়ে দারুণ প্রতিযোগিতা চলেছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন এই বাঁহাতি পেসার, যা তাকে আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আইপিএলে খেলার সুযোগ না পাওয়া সত্ত্বেও মোস্তাফিজের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে পিএসএল। বিশ্বের অন্যতম সেরা এই বোলারকে পাওয়ায় লিগের পক্ষ থেকে বলা যায়, এবারের আসরে ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক আকর্ষণ অপেক্ষা করছে।

