সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমানে মুশফিকুর রহিমের পরিচয় শুধুই ‘টেস্ট ক্রিকেটার’। কিন্তু সাদা পোশাকের লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই উঠে এলো রঙিন পোশাকের প্রসঙ্গ। কদিন ধরে চলা গুঞ্জনকে সত্যি করে মুশফিক নিজেই নিশ্চিত করলেন—তাঁকে ওয়ানডে দলে ফেরার ‘অফার’ দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফেরার দুয়ার বন্ধই রাখছেন এই অভিজ্ঞ ব্যাটার।
ফেরার প্রস্তাব ও মুশফিকের বিনয়ী প্রত্যাখ্যান
গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছিলেন মুশফিক। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে খবর চাউর হয়, বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটারকে ফেরাতে আগ্রহী। আজ সিলেটে সংবাদ সম্মেলনে মুশফিক বিষয়টি স্বীকার করে বলেন, “হ্যাঁ, অবশ্যই আমার কাছে বার্তা (ফেরার অফার) এসেছিল। তবে ওয়ানডেতে আর ফেরার পরিকল্পনা নেই। আমার মনে হয়, বাংলাদেশ দল এখন এমন এক পর্যায়ে আছে যে আমার ওইরকম সার্ভিস আর দরকার হবে না। আমাদের ওয়ানডে দলটা এখন খুবই ভারসাম্যপূর্ণ।”
মুশফিকের আগে অধিনায়ক মিরাজও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। নিউজিল্যান্ড সিরিজের আগে মিরাজ জানিয়েছিলেন, অধিনায়কের কাজ সহজ করতে মুশফিককে ফেরার অনুরোধ করেছিলেন তিনি। তবে মুশফিকের অবসর নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেই ভাবনা থেকে সরে এসেছেন তাঁরা।
আরও পড়ুন:
তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়ে শীর্ষে মুশফিক
এক ফরম্যাটে খেলার ‘যন্ত্রণা’ ও সতীর্থদের প্রশংসা
টি-টোয়েন্টি আর ওয়ানডে নেই, মুশফিক এখন কেবল টেস্টের জন্যই প্রস্তুতি নেন। গত দুই বছর ধরে এই এক ফরম্যাটে খেলার অভিজ্ঞতা থেকে তিনি সতীর্থ মুমিনুল হক ও তাইজুল ইসলামের লড়াইকে বড় করে দেখছেন। মুশফিক বলেন, “মুমিনুল-তাইজুলকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আমি গত দুই বছর ধরে শুধু টেস্ট ফরম্যাটে খেলছি, আমি তাদের পেইনটা বুঝতে পারি। দীর্ঘ বিরতির পর যখন তাদের মুখে হাসি দেখি, তখন অন্যরকম ভালো লাগে।”
লক্ষ্য যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ
ওয়ানডে নিয়ে ভাবনার চেয়ে মুশফিকের বর্তমান ধ্যান-জ্ঞান এখন টেস্ট চ্যাম্পিয়নশিপকে ঘিরে। গত সাইকেলের চেয়ে এবার আরও ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পেতে মরিয়া মুশফিক জানান, “আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা আগের চেয়ে ভালো অবস্থানে শেষ করতে চাই। বিশেষ করে ঘরের মাঠে যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়া আমাদের মূল লক্ষ্য।”
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সফলতম এই ব্যাটসম্যান মনে করেন, নতুনেরাই আগামী দিনে দলের হাল ধরবে। তাঁর গৌরবময় ওয়ানডে অধ্যায় ইতিহাস হয়েই থাকুক, এটাই এখন তাঁর চাওয়া।
আরও পড়ুন:
১৭ টেস্টে ৭: মুশফিককে ছাড়িয়ে অধিনায়ক শান্তর রেকর্ড

