Mustafizur Rahman Cricfoot24

আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুর রহমানের চুক্তির অর্থের একটি অংশ আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে বাঁহাতি এই পেসার নিজে আগ্রহী না হওয়ায় সেই উদ্যোগ আর এগোয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

শনিবার সিলেটের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান মিঠুন। চলতি বিপিএলে তিনি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। সংবাদ সম্মেলনে তার পাশে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, সাইফ হাসান, ইরফান শুক্কুর, শামীম হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটার।

সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ। এ বিষয়ে দুপুরে একটি কড়া ভাষার সংবাদ বিজ্ঞপ্তি দেয় কোয়াব। পরে বিকেলে সিলেটে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংগঠনটি। বিপিএলে যাদের এ দিন ম্যাচ ছিল না, সেই দলগুলোর বেশ কয়েকজন ক্রিকেটার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নে জানতে চাওয়া হয়, তামিম ইকবালের বিষয়ে কোয়াব ও ক্রিকেটাররা এতটা সোচ্চার হলেও মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে কেন প্রকাশ্যে কোনো প্রতিবাদ দেখা যায়নি।

জবাবে মিঠুন জানান, কোয়াব বিষয়টি একেবারেই উপেক্ষা করেনি।

“আপনারা হয়তো জানেন না, আমরা মোস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি—মোস্তাফিজকে নিয়ে কী কী করা যেতে পারে, কোন কোন পদক্ষেপ নেওয়া সম্ভব।”

মিঠুন জানান, ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল।

“ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আমাদের নিশ্চিত করেছিল, যদি মোস্তাফিজ চায়, তাহলে তারা লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করবে। তারা পুরো অর্থ আদায় করে দিতে পারবে না, তবে যতটুকু সম্ভব ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবে।”

তবে শেষ পর্যন্ত আইনি পথে না যাওয়ার কারণও স্পষ্ট করেন কোয়াব সভাপতি।

“পরে আমরা যখন মোস্তাফিজের সঙ্গে আবার কথা বলি, সে এই বিষয়টা নিয়ে আগ্রহ দেখায়নি। এটা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে আমাদের বলেছে, ‘ভাই, আপাতত থাক। যদি আমার প্রয়োজন হয়, আমি জানাব।’ সে কারণেই আমরা এই বিষয়টি নিয়ে আর সামনে এগোইনি।”