Mustafizur Rahman Cricfoot24

প্রথমবারের মতো ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ দল পেলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সোমবার সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত ২০২৬ আসরের নিলামে তাঁকে ১ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকারও বেশি।

ভিত্তিমূল্যেই বাজিমাত

৩০ বছর বয়সী মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ লাখ পাউন্ড। সেই দামেই তাঁকে লুফে নেয় বার্মিংহাম। এর মাধ্যমে প্রথমবারের মতো ক্রিকেটের এই ভিন্নধর্মী সংস্করণে অংশ নিতে যাচ্ছেন তিনি। বার্মিংহাম দলে সতীর্থ হিসেবে মোস্তাফিজ পাশে পাচ্ছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো ক্রিকেটারদের।

হতাশ করলেন রিশাদ

মোস্তাফিজ দল পেলেও এবারের নিলামে হতাশ হতে হয়েছে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। স্পিনারদের ক্যাটাগরি ‘টায়ার ওয়ান’-এ চূড়ান্ত তালিকায় নাম থাকলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। ফলে আপাতত মোস্তাফিজই হচ্ছেন এই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।

আসরের সময়সূচি

দ্য হানড্রেডের পঞ্চম এই আসরটি শুরু হতে যাচ্ছে আগামী ২১ জুলাই। ৮টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে অংশ নেবে। আইপিএল ও বিভিন্ন দেশের লিগ মাতিয়ে আসা মোস্তাফিজের কাটার এবং স্লোয়ার এবার ইংল্যান্ডের কন্ডিশনে কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে থাকবে ভক্তরা।