পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা ও অ্যারন হার্ডি।নাহিদ রানাকে প্রশংসায় ভাাসিয়েছেন অ্যারন হার্ডি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে গতির মারণাস্ত্রে হায়দরাবাদ কিংসমেনকে কুপোকাত করে শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। আর বাবর আজমদের এই রাজত্ব পুনরুদ্ধারের রাতে বল হাতে গতির তান্ডব চালিয়ে বিশ্বক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ তুর্কি নাহিদ রানা। নাহিদের এই বিধ্বংসী বোলিং আর আকাশচুম্বী প্রতিভা দেখে মুগ্ধ তাঁর পেশোয়ার সতীর্থ অ্যারন হার্ডি।

ম্যাচ শেষে অসি অলরাউন্ডার হার্ডি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, নাহিদ রানা কেবল বাংলাদেশের সম্পদ হয়েই থাকবেন না, বরং তাঁর ভবিষ্যৎ মিশে আছে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। হার্ডির মতে, গতির এই রাজকুমারকে লুফে নিতে প্রস্তুত এখন বিশ্বক্রিকেট।

নাহিদকে নিয়ে হার্ডির ভূয়সী প্রশংসা

এবারের পিএসএলে নাহিদ রানা খেলেছেন মোটে ৫ ম্যাচ। বিসিবির বিশেষ অনুমতি নিয়ে ফাইনালে ফিরে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তিনি। সবমিলিয়ে ৫ ম্যাচেই শিকার করেছেন ৯ উইকেট। তাঁর ইকোনমিও ছিল ৬ এর নিচে।

নাহিদের গতির প্রশংসা করে ফাইনাল সেরা অ্যারন হার্ডি বলেন, “সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নামল এবং আজও দুর্দান্ত গতিতে বল করল। করাচিতে যখন সে রীতিমতো ছুটছিল এবং ১৫১ কিলোমিটার গতিতে বল করছিল, ব্যাটসম্যানদের জন্য সেটা ছিল ভয়াবহ।”

নাহিদের ভবিষ্যৎ নিয়ে হার্ডি যোগ করেন, “আমি দেখতে পাচ্ছি, সে সারা বিশ্বে ঘুরে বেড়াবে এবং যেকোনো প্রতিযোগিতায় খেলবে। তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে সবাই সাদরে গ্রহণ করবে। আমি তাকে নিয়ে খুবই রোমাঞ্চিত।”

আরও পড়ুন:
পিএসএল ফাইনালে আগুনে বোলিংয়ে নাহিদ রানার ২ উইকেট

বাবর-নাহিদ ‘প্রতিদ্বন্দ্বিতা’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ৯ বছর পর পিএসএল শিরোপা পুনরুদ্ধার করেছে বাবর আজম ও নাহিদ রানার দল পেশোয়ার জালমি।

তবে এই উৎসবের রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের ব্যবধানে এই দুই সতীর্থ এবার একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের আঙিনায়।

আগামী ৮ মে ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ইতোমধ্যেই পাকিস্তানের বহর ঢাকায় চলে এসেছে। পিএসএল ফাইনালের জন্য বাবর আজম আসতে পারেননি। আজ তিনিও চলে আসবেন।

এই টেস্ট সিরিজে বাবর আজম ও নাহিদ রানার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছেন অ্যারন হার্ডি।

এ নিয়ে হার্ডির মন্তব্য, “আমি জানি, সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই হবে।”