সান্তোসের ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ব্রাজিল তারকা নেইমার।প্রতিবাদ করে হলুদ কার্ড দেখে ক্ষুব্ধ নেইমার। ছবি: ইএসপিএন

ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোস ও করিতিবার মধ্যকার ম্যাচে ফুটবল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক কাণ্ড ঘটে গেল। ঘরের মাঠে সান্তোস ০-৩ গোলে হেরে গেলেও ম্যাচ শেষে সব আলোচনা কেড়ে নিয়েছে নেইমার জুনিয়রকে নিয়ে ঘটে যাওয়া এক রেফারিং বিপর্যয়।

ম্যাচের একপর্যায়ে চোটের কারণে সাইডলাইনের পাশে চিকিৎসা নিচ্ছিলেন সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। ঠিক ওই মুহূর্তে মাঠে একটি বদলি খেলোয়াড় নামানোর প্রক্রিয়া চলছিল। সান্তোসের কোচিং স্টাফ মূলত ৩১ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে তুলে নেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু মাঠের চতুর্থ অফিশিয়াল মস্ত বড় এক ভুল করে বসেন। তিনি ইলেকট্রনিক বোর্ডে ৩১ নম্বরের পরিবর্তে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন।

চতুর্থ অফিশিয়ালের ভুল ও নেইমারের বিস্ময়

অফিশিয়াল বোর্ডে ১০ নম্বর ওঠায় রেফারিং ক্রু স্বাভাবিকভাবেই নেইমারের বদলি হিসেবে অন্য এক খেলোয়াড়কে মাঠে নামিয়ে দেন। মাঠের বাইরে থাকা নেইমার এই অদ্ভুত কাণ্ড দেখে হতভম্ব হয়ে যান।

তিনি দ্রুত পরিস্থিতি পরিষ্কার করতে এবং মাঠে পুনরায় প্রবেশ করতে চেয়েছিলেন। তবে প্রধান রেফারি অনুমতি ছাড়া মাঠে ঢোকার অপরাধে নেইমারকে উল্টো হলুদ কার্ড দেখিয়ে দেন।

আরও পড়ুন:
নেইমার গোল করলেন, গোল করালেন, সান্তোসের আশা

সাইডলাইনে চরম উত্তেজনা

এই সিদ্ধান্তের পর সাইডলাইনে বেশ কিছুক্ষণ ধরে চলে তুমুল বিতর্ক। চরম ক্ষুব্ধ ও উত্তেজিত নেইমার ব্রডকাস্টিং টেলিভিশন ক্যামেরার সামনে অফিশিয়াল কোচিং স্টাফের সেই বদলি কাগজটি তুলে ধরেন।

সেখানে স্পষ্ট লেখা ছিল বদলি হওয়ার কথা ৩১ নম্বর খেলোয়াড়ের, ১০ নম্বরের নয়। কিন্তু অফিশিয়াল নথিতে বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় নেইমারকে আর মাঠে নামতে দেওয়া হয়নি।

এই অপ্রত্যাশিত ঘটনাটি ফুটবল বিশ্বে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আগামীকাল সোমবার ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে যাচ্ছেন, ঠিক তার আগের দিন নেইমারকে নিয়ে এমন বিতর্ক তার দলে ফেরার আলোচনাকে আরও বেশি উসকে দিয়েছে।

আরও পড়ুন:
গোল করলেন নেইমার, রেটিং ৮.৬! এরপরও জড়ালেন বাজে ঘটনায়