২০২৬ বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এই মহাযজ্ঞকে সামনে রেখে ফিফার কাছে জমা দেওয়ার জন্য ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। প্রত্যাশিতভাবেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অন্তর্ভুক্তি ব্রাজিলিয়ান সমর্থকদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
তবে প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত ২৬ জনের স্কোয়াডে নেইমার থাকবেন কি না, তা নিয়ে এখনও বড়সড় প্রশ্ন চিহ্ন ঝুলে আছে।
নেইমারের চ্যালেঞ্জ: ফিটনেস ও বিতর্ক
২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। ২০২৬ সালে সান্তোসের হয়ে ১২ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের জানান দিলেও তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত কোচিং স্টাফ।
আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, প্রস্তুতির সময় নেইমারের শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে তাঁর চূড়ান্ত স্কোয়াডে থাকা। এর ওপর সম্প্রতি অনুশীলনে রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে বিতর্কের মুখে পড়েছেন এই তারকা, যা তাঁর অন্তর্ভুক্তির বিপক্ষে যুক্তি জোরালো করছে।
আরও পড়ুন:
এক শর্তে নেইমারকে বিশ্বকাপে নেবেন আনচেলত্তি!
তরুণ তুর্কিদের ওপর নজর
প্রাথমিক দলে চেলসির তরুণ সেনসেশন এস্তেভাওকে রাখা হয়েছে, যদিও তিনি বর্তমানে চোট থেকে সেরে উঠছেন। তবে ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ হলো, দুই রিয়াল মাদ্রিদ তারকা এদের মিলিতাও এবং রদ্রিগোকে ছাড়াই বিশ্বকাপে যেতে হচ্ছে সেলেসাওদের।
তাঁদের চোট এতটাই গুরুতর যে বিশ্বকাপের আগে সেরে ওঠা সম্ভব নয়। বিকল্প হিসেবে এন্ড্রিক এবং রায়ানের মতো তরুণদের কথা ভাবছেন আনচেলত্তি।
চূড়ান্ত ঘোষণা কবে?
আগামী সোমবার (১১ মে) আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ৫৫ জনের এই তালিকা ফিফার কাছে জমা দেবেন। এর ঠিক এক সপ্তাহ পর, ১৮ মে ঘোষণা করা হবে সেই বহু প্রতীক্ষিত ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড।
ব্রাজিল কি পারবে ২০০২ সালের পর তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে? নেইমার কি পারবেন তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী সপ্তাহেই।
আরও পড়ুন:
নেইমার বিপাকে: সান্তোসে রবিনহোর ছেলেকে মারধর, তদন্ত শুরু

