Neymar smiling in Brazil national football team jersey.ব্রাজিল ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার। ছবি: গেটি ইমেজেস

উত্তর আমেরিকার মাটিতে ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এমন সময়ে হেক্সা মিশনের লক্ষ্যে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শিবিরে বড় এক দুঃসংবাদ এল। চোটের কারণে মিশরের বিপক্ষে সেলেসাওদের শেষ প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) অফিশিয়ালি নিশ্চিত করেছে, কাফ ইনজুরির (পায়ের পেশির চোট) কারণে এই তারকা ফুটবলার দলের সাথে ক্লিভল্যান্ড সফরে যাচ্ছেন না।

বরং পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নিবিড় ফিজিওথেরাপি ও শারীরিক পুনরুদ্ধারের জন্য তিনি নিউ জার্সিতে দলের মূল ট্রেনিং বেজেই থেকে যাবেন।

বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, স্বাগতিক আমেরিকার মাটিতে বিশ্বকাপ মিশন শুরু করার আগে মিশরের বিপক্ষে শনিবারের ম্যাচটিই হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দলের শেষ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের সবচেয়ে বড় তারকাকে পাচ্ছে না সেলেসাওরা।

সান্তোসের সেই ইনজুরি ও সিবিএফ-এর সতর্কতা

ঘরোয়া লিগে সান্তোসের হয়ে কুরিটিবার বিপক্ষে একটি ম্যাচ খেলার সময় বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড টু’ মাত্রার চোট পান ৩৪ বছর বয়সী নেইমার। এই ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে আছেন তিনি। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও এই চোটের কারণে তিনি সাম্প্রতিক ম্যাচগুলো মিস করেছেন। বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ায় নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে নারাজ ব্রাজিলের মেডিকেল স্টাফরা। সিবিএফ জানিয়েছে, নিউ জার্সির অস্থায়ী সদর দফতরে নেইমারকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দ্রুত শতভাগ ফিটনেস ফিরে পেতে তাঁর জন্য একটি বিশেষ পুনর্বাসন প্রোগ্রাম চালানো হচ্ছে।

“নেইমার আমাদের সাথেই থাকছে”

নেইমারের এই চোট ব্রাজিলিয়ান ভক্তদের মনে তীব্র শঙ্কা তৈরি করলেও, দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি কিন্তু বেশ আত্মবিশ্বাসী।

আল-হিলাল সাবেক এই তারকার বিশ্বকাপ খেলা নিয়ে ইতালিয়ান কোচ গণমাধ্যমকে বলেন, “বিষয়টি পরিষ্কার করা ভালো, নেইমার আমাদের সাথেই থাকছে। আমরা আশা করছি ও মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর যদি কোনো কারণে প্রথম ম্যাচে তা সম্ভব নাও হয়, তবে দ্বিতীয় ম্যাচে (হাইতির বিপক্ষে) ও অবশ্যই খেলবে। এই ২৬ জন খেলোয়াড়ই বিশ্বকাপে খেলবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।”

ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, আনচেলত্তি ইতিমধ্যে নেইমারের সাথে ব্যক্তিগতভাবে বসে টুর্নামেন্টে তাঁর ট্যাকটিক্যাল বা কৌশলগত ভূমিকা কী হবে—তা নিয়ে বিশদ আলোচনা করেছেন।

চোটের ধাক্কা থাকলেও ব্রাজিলের হেক্সা জয়ের পরিকল্পনায় যে নেইমার এখনো প্রধান নিউক্লিয়াস, কোচের এই পদক্ষপেই তা স্পষ্ট।

ব্রাজিলের বিশ্বকাপ মিশন

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ১৯ জুন হাইতি এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। তার আগে মিশরের বিপক্ষে রোববারের এই ম্যাচটিই আনচেলত্তির জন্য স্কোয়াডের শক্তি ও দুর্বলতা পরখ করার শেষ সুযোগ।

এখন কোটি কোটি ব্রাজিল ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রাণভোমরার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার খবরের জন্য।

আরও পড়ুন:
২০২২ বিশ্বকাপের পর মেসি-নেইমারসহ ফুটবলে আলোচিত যত ঘটনা