Shreyas Iyer and 15-year-old Vaibhav Sooryavanshi in the field.

একই সাথে ভারতীয় ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এক পরম বিস্ময়ের। মাত্র ১৫ বছর ৭০ দিন বয়সী বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী আয়ারল্যান্ড সফরের জন্য ভারতের মূল সিনিয়র স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জুন ডাবলিনে আইরিশদের বিপক্ষে মাঠে নেমেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার অনন্য বিশ্বরেকর্ড গড়বেন এই বিস্ময় বালক।

সূর্যকুমারের বিদায় ও শ্রেয়াসের রাজকীয় প্রত্যাবর্তন

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভায় সূর্যকুমার যাদবকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সূর্যকুমারের অধীনে ভারত টি২০ বিশ্বকাপের ট্রফি ধরে রেখে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু টুর্নামেন্টে ৯ ম্যাচে মাত্র ২৪২ রান করে নিজের নামের প্রতি বিচার করতে পারেননি তিনি। এরপর আইপিএল ২০২৬ আসরেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৯ নম্বরে থেকে মরসুম শেষ করার পাশাপাশি ব্যাট হাতে করেছেন মাত্র ২৭০ রান। সাবেক ভারতীয় উইকেটরক্ষক সাবা করিম এই প্রসঙ্গে বলেন, “বর্তমান ফর্ম বিবেচনায় সূর্যকুমার হয়তো আর নির্বাচকদের ভবিষ্যৎ ভাবনায় নেই। ২০২৮ সালের পরবর্তী টি২০ বিশ্বকাপকে সামনে রেখে রোহিত-বিরাটের মতোই এখন নতুনদের নিয়ে দল গড়ার সময় এসেছে।”

অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে জাতীয় টি২০ দলের বাইরে থাকা শ্রেয়াস আয়ারের ভাগ্য বদলে গেছে আইপিএল ২০২৬-এর পারফরম্যান্সে। পাঞ্জাব কিংসের হয়ে ৪৯৮ রান করা আয়ারকে শনিবারের নির্বাচকদের মেগা মিটিংয়ে অফিশিয়ালি ভারতের নতুন টি২০ অধিনায়ক ঘোষণা করা হবে।

একই সাথে এই সফরে দলের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে তরুণ তিলক ভার্মাকে।

আইপিএলের রানমেশিন বৈভব ও শচীনের সাথে তুলনা

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী মূলত আইপিএল ২০২৬ আসরে নিজের দানবীয় ব্যাটিং দিয়ে ক্রিকেটবিশ্বকে স্তব্ধ করে দিয়েছেন।

এই কিশোর টুর্নামেন্টে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে রেকর্ড ৭৭৬ রান তুলে নির্বাচকদের বাধ্য করেছেন জাতীয় দলের দরজা খুলতে। আগামী ৯ থেকে ২১ জুন শ্রীলঙ্কায় আফগানিস্তানসহ হতে যাওয়া ভারত ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে খেলবেন তিনি।

এরপর ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি২০ এবং জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দলে ডাক পাবেন বৈভব।

১৯৮৩ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মদন লাল বৈভবের এই অবিশ্বাস্য প্রতিভা দেখে পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বৈভব অত্যন্ত প্রতিভাবান। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি কিংবা সুনীল গাভাস্কারের মতো ঈশ্বরদত্ত ক্রিকেটীয় মস্তিষ্ক রয়েছে ওর। এমন খেলোয়াড় শতাব্দীতে একবারই আসে। তবে শচীনদের মতো অমর হতে হলে ওকে আয়ারল্যান্ড বা ভারত ‘এ’ দলের হয়ে খেলার পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজের আধিপত্য প্রমাণ করতে হবে।”

১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২০৫ দিন বয়সে শচীন টেন্ডুলকার ভারতের হয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ডেব্যু করেছিলেন।

এবার শচীনের সেই ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে মাত্র ১৫ বছর বয়সেই ভারতের সিনিয়র দলের নীল জার্সি গায়ে জড়াতে চলেছেন বৈভব সূর্যবংশী, যা দেখার জন্য উন্মুখ হয়ে আছে ক্রিকেট দুনিয়া।

আরও পড়ুন:
বিশ্বকাপ জয়ের ৩ মাস পরই অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার