ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।নেইমার জুনিয়র। ছবি: গেটি ইমেজেস

ব্রাজিলের হয়ে সর্বশেষ কবে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র? মাথা চুলকাতে পারেন অনেকেই! কারণ, এই তারকা ফরোয়ার্ড সেই ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন!

এরপর কেবলই সময় গড়িয়েছে সময়ের স্রোতে। কিন্তু নেইমারের আর ফেরা হয়নি ব্রাজিল দলে।

ব্রাজিল দলের কোচ এখন কার্লো আনচেলত্তি। নেইমারকে দলে ফেরাতে তার ওপর চাপ আছে। এই প্রেক্ষাপটে নেইমারকে নিয়ে নতুন ভাবনার কথা জানিয়েছেন আনচেলত্তি। তার মতে, নেইমারকে এখন নতুন ভূমিকায় খেলতে হবে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাসে গুরুতর চোট পান নেইমার। সেই চোট তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখে। এরপর মাঠে ফিরলেও সেরা ফর্মে ছিলেন না তিনি। আবার কখনো যখন ফেরার মতো পর্যায়ে এসেছেন, তখন আবার চোটে পড়েছেন।

সবমিলিয়ে ব্রাজিল দলে নেইমারের ফেরা না ফেরা দেশটির ফুটবলে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ব্রাজিল দলে নেইমারের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। ফিট নেইমার একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়।

কিন্তু চোট বরাবরই তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে চোট যদি না থাকতো, তিনি হতে পারতেন অনন্য উচ্চতার একজন।

আগামী বিশ্বকাপে খেলতে মরিয়া নেইমার। কিন্তু কোচ আনচেলত্তি কি তাকে দলে নেবেন? নিলে কোন পজিশনে খেলাবেন?

আনচেলত্তি কি ভাবছেন, তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন, ‘সবচেয়ে বেশি প্রশ্ন শুনেছি নেইমারকে নিয়েই। এটা স্বাভাবিক, কারণ নেইমার ব্রাজিল ফুটবলের এক কিংবদন্তি। সবাই চায়, সে যেন পুরো ফিটনেস ফিরে পাক—বোর্ড, কোচিং স্টাফ, আমরা সবাই। তবে আজকের ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়। এখন শারীরিক সক্ষমতা, গতি, তীব্রতা সবকিছুরই দাবি আছে। আমি বিশ্বাস করি, নেইমার আবারও তার সেরা ফর্মে ফিরবে।’

নেইমারের পজিশন বদলাতে চান আনচেলত্তি, ‘আমার মনে হয়, এখন ওর খেলা উচিত ডান-বাঁ প্রান্তে নয়, বরং কেন্দ্রে। কারণ, আধুনিক ফুটবলে উইঙ্গারদের শুধু আক্রমণ নয়, রক্ষণেও সাহায্য করতে হয়। মাঝখানে খেললে সেই চাপটা অনেক কমে যায়। আর গোলপোস্টের কাছাকাছি থাকলে প্রতিভাবান খেলোয়াড়ের সামনে গোল করার সুযোগও বেড়ে যায়। তাই ‘‘ফলস নাইন’’ হতে পারে নেইমারের জন্য আদর্শ পজিশন।’

তাহলে?
নেইমার কি ফিরবেন?
ফিরলে কোন পজিশনে খেলবেন?
উত্তর সময়ের হাতে!