চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও পিএসজির লড়াই।বায়ার্ন মিউনিখ ও পিএসজির দারুণ লড়াইয়ের অপেক্ষা।

আজ রাতে পুরো ফুটবল–বিশ্বের চোখ থাকবে আইফেল টাওয়ারের শহর প্যারিসে। মঞ্চ ঐতিহাসিক পার্ক দে প্রিন্সেস। চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। একদিকে লুইস এনরিকের শিরোপা ধরে রাখার মিশন, অন্যদিকে ভিনসেন্ট কোম্পানির অপ্রতিরোধ্য বায়ার্ন—সব মিলিয়ে ফুটবল প্রেমীরা এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায়।

পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের লড়াই

চলতি মৌসুমে দুই দলই চ্যাম্পিয়নস লিগে ৩৮টি করে গোল করেছে, যা টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ। বায়ার্ন মিউনিখ প্যারিসে পা রাখছে টানা ৯ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জিতেছে তারা।

অন্যদিকে, পিএসজি শেষ ৯ ম্যাচের ৮টিতেই জিতেছে এবং ফরাসি লিগে ৬ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে। এনরিকে ডেরায় মোনাকো, চেলসি ও লিভারপুলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা বর্তমান চ্যাম্পিয়নরা মোটেও ছেড়ে কথা বলবে না।

কেন ফেভারিট বায়ার্ন মিউনিখ?

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের লড়াইয়ে নামা পিএসজির জন্য বড় দুশ্চিন্তার নাম ভিনসেন্ট কোম্পানির দল। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে টানা পাঁচ জয়ের এক দুর্দান্ত রেকর্ড নিয়ে মাঠে নামবে বাভারিয়ানরা। এমনকি এই মৌসুমেই লিগ পর্বে পিএসজিকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ জিতবে কে? জানিয়ে দিল অপ্টা সুপারকম্পিউটার!

কোচ কোম্পানি আত্মবিশ্বাসের সাথে বলেন, “আমরা বার্নাব্যু ও প্যারিসে জিতেছি। পিএসজি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা কেবল আমাদেরই আছে।”

রেকর্ড ও হ্যারি কেইন আতঙ্ক

আজকের রাতটি পিএসজি অধিনায়ক মার্কিনিওসের জন্য বিশেষ। মাঠে নামলেই তিনি রবার্তো কার্লোসের চ্যাম্পিয়নস লিগে ১২০ ম্যাচ খেলার ব্রাজিলীয় রেকর্ড স্পর্শ করবেন।

তবে পিএসজির এই উদযাপনের পথে প্রধান বাধা হ্যারি কেইন। চ্যাম্পিয়নস লিগের টানা পাঁচ ম্যাচে গোল করা কেইন এ মৌসুমে ইতিমধ্যে ১২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে এখন ৫৩ গোল!

আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিরল রেকর্ডে পিএসজির চোখ!

এনরিকের হুংকার

বাস্তবতা ও পরিসংখ্যান বায়ার্নের দিকে ঝুঁকে থাকলেও লুইস এনরিকে নিজের দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তিনি সরাসরিই বলে দিলেন, “ধারাবাহিকতায় বায়ার্ন হয়তো এগিয়ে, কিন্তু মাঠের পারফরম্যান্সে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই। আমরা এখানে আপস করতে আসিনি, আক্রমণাত্মক খেলে জিততে চাই।”

কে জিতবে, তা ম্যাচেই দেখা যাবে। তবে ফুটবলপ্রেমীদের চোখ আজ বাংলাদেশ সময় রাত ১টায় আটকে থাকবে টিভির পর্দায়।