চার বছরের এক গৌরবময় অধ্যায়ের ইতি টেনে এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষেই চলতি গ্রীষ্মে কাম্প ন্যু বিদায় জানাচ্ছেন ৩৭ বছর বয়সী এই মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে ফুটবল বিশ্বকে নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান তিনি।
২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবের জার্সিতে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন লেভানডোভস্কি। বার্সাকে চলতি মৌসুমসহ মোট তিনটি লা লিগা এবং ২০২৫ সালের কোপা দেল রে জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি।
“মিশন সফল”— বিদায়বেলায় লেভা
বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে লেভানডোভস্কি লিখেছেন, “চ্যালেঞ্জ এবং কঠোর পরিশ্রমে ভরা চারটি বছর পার করার পর, এবার বিদায় নেওয়ার সময় এসেছে। আমার মনে হচ্ছে মিশন সফল করেই আমি চলে যাচ্ছি। চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়নশিপ ট্রফি।”
গত বছরজুড়ে বেশ কিছু ইনজুরির মুখোমুখি হতে হয়েছে এই পোলিশ ফরোয়ার্ডকে। ফলে চলতি লা লিগা মৌসুমে মাত্র ১৫টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে মাঠের বাইরে বা বদলি হিসেবে থাকলেও দলের জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’র জয়ে শেষ মুহূর্তে মাঠে নেমেছিলেন তিনি, যা বার্সার লিগ শিরোপা নিশ্চিত করে।
এর আগে ওসাসুনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও তাঁর করা গোলটি বার্সেলোনাকে শিরোপার সুবাস এনে দিয়েছিল।
কাতালুনিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেভা আরও বলেন, “বার্সা আবারও তাঁর নিজের জায়গায় (শীর্ষে) ফিরে এসেছে। প্রথম দিন থেকে সমর্থকদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তা কখনো ভুলব না। কাতালুনিয়া সবসময় আমার হৃদয়ে থাকবে।”
আরও পড়ুন:
বার্সেলোনায় লেভানডোভস্কির বিদায়ের সুর!
ফ্লিকের চোখে ‘নিখুঁত রোল মডেল’
বার্সেলোনার বর্তমান কোচ হান্সি ফ্লিক, যিনি বায়ার্ন মিউনিখেও লেভানডোভস্কির গুরু ছিলেন, নিশ্চিত করেছেন যে আগামীকাল রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে ঘরের মাঠ স্পটিফাই কাম্প ন্যুতে লেভা শুরুর একাদশেই থাকবেন। এটিই হতে যাচ্ছে কাম্প ন্যুতে তাঁর শেষ ম্যাচ।
এরপর আগামী শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সার জার্সিতে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
প্রিয় শিষ্যের বিদায় প্রসঙ্গে কোচ হান্সি ফ্লিক বলেন, “সে দলের সবার সাথে কথা বলেছে এবং বিদায় জানিয়েছে। রবার্টের সাথে কাজ করাটা আমার জন্য পরম সৌভাগ্যের। আমি আমার ক্যারিয়ারে যে ৯টি ট্রফি জিতেছি, তার সবকটিই এসেছে তাঁর হাত ধরে। তরুণ খেলোয়াড়দের জন্য সে এক নিখুঁত রোল মডেল—একজন চমৎকার মানুষ এবং বিশ্বমানের খেলোয়াড়।”
ক্লাবের সম্মান
বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও তাদের অফিসিয়াল বিবৃতিতে এই কিংবদন্তিকে সম্মান জানিয়ে লিখেছে, “ধন্যবাদ রবার্ট লেভানডোভস্কি, এই জার্সির মর্যাদা রেখে প্রতিটি গোল, প্রতিটি লড়াই এবং প্রতিটি জাদুকরী মুহূর্ত উপহার দেওয়ার জন্য। সে তারকা হিসেবে এসেছিল, কিন্তু বিদায় নিচ্ছে একজন কিংবদন্তি হিসেবে।”
গন্তব্য কোথায়
ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে লেভা স্পষ্ট কিছু না জানালেও, গত ডিসেম্বরে মেজর লিগ সকারের (MLS) ক্লাব শিকাগো ফায়ার তাঁর সাথে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছিল। ফলে ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে লেভাকে আগামীতে আমেরিকার মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
তবে সৌদি প্রিমিয়ার লিগও তাঁকে নিয়ে আগ্রহী। ফলে সেখানেও তাঁকে দেখার সম্ভাবনা আছে।
আরও পড়ুন:
শেষের ঝড়ে জয় পেল বার্সেলোনা

