বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে শুরুর দিকে ভালোই করছিলেন নাহিদ রানা। তবে শেষ দিকে এসে হারিয়ে বসেন ফর্ম। তবে সেসব এখন অতীত। এই গতি তারকার এবারের লক্ষ্য নতুন কিছু করে দেখানো।
বিপিএলে গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেন নাহিদ রানা। এবারও একই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে দিচ্ছেন এই পেসার।
প্রায় বছরখানেক ধরে জাতীয় দলে নিয়মিতই দেখা যাচ্ছে নাহিদ রানাকে। লাল বলের ক্রিকেটে তো জায়গা মোটামুটি পাকা করে ফেলেছেন। সাদা বলের ক্রিকেটেও নিজের জাত চেনাতে চান তিনি।
বিপিএল শুরুর আগে আজ থেকে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। অনুশীলনে যোগ দেন নাহিদ রানাও। অনুশীলনের ফাঁকে কথা বলেন সংবাদমাধ্যমের সাথেও। তিনি জানান, নতুন স্কিল এবার দেখাবেন বিপিএলে।
নাহিদ রানা বলেন, “ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। নতুন যে স্কিলগুলো নিয়ে কাজ করছি, সেগুলো এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব।”
কিন্তু নতুন স্কিলগুলো আসলে কী?
জবাব দিলেন এই স্পিডস্টার, “আমি চেষ্টা করছিলাম পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার ডেলিভারি ঠিকভাবে করার। যে জিনিসগুলো স্পেশালি ডেথ বোলিংয়ের সময় লাগে টি-টোয়েন্টি ক্রিকেটে, ওই জিনিসগুলোই চেষ্টা করছি।”
পড়ুন:- এ কোন দুঃসময়ে ভিনিসিয়ুস!
নিজের লক্ষ্যের কথাও অকপটে জানান নাহিদ রান।
“আমার একটাই চেষ্টা থাকে যে আমি কীভাবে দলকে ম্যাচ জেতাব। আমার সবসময় মাথায় এইটা থাকে যে, আমি আমার টিমকে ম্যাচ জেতাব। আমার ব্যক্তিগত কোন গোল থাকে না যে আমি সর্বোচ্চ উইকেট শিকারি হবো।”
“দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যে আমি যেন অবদান রাখতে পারি। যদি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতাতে পারি, আমি খুশি। যদি আমার কাছে মনে হয়, যে উইকেট না পেয়েও দলকে ম্যাচ জেতাতে পারি, তাও আমি খুশি।”

