ভারত জাতীয় দলের বাইরে থাকলেও ব্যাট হাতে জবাব দিতে জানেন সরফরাজ খান। বিজয় হাজরা ট্রফিতে ইতিহাস গড়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন মুম্বাইয়ের এই ব্যাটার। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি করে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন সরফরাজ।
গত বছরের নভেম্বরের পর থেকেই জাতীয় দলের ভাবনায় নেই সরফরাজ। ফর্মের পাশাপাশি ফিটনেস নিয়েও ছিল প্রশ্ন। তবে সাম্প্রতিক মাসগুলোতে ফিটনেসে বড় উন্নতির পাশাপাশি ব্যাটেও নিয়মিত রান করছেন তিনি। চলমান বিজয় হাজরা ট্রফিতেও তারই প্রমাণ মিলছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জয়পুরিয়া বিদ্যালয় মাঠে এলিট গ্রুপ সি–এর ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি।
মায়াঙ্ক মারকাণ্ডের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২০ বলে ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা।
এই ম্যাচেই মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন সরফরাজ। বিজয় হাজরা ট্রফির ইতিহাসে এটি দ্রুততম অর্ধশতক। এর আগে রেকর্ডটি ছিল বরোদার অতীত শেঠের, যিনি ১৬ বলে ফিফটি করেছিলেন।
ইনিংসের সবচেয়ে বিধ্বংসী মুহূর্ত আসে ১৩তম ওভারে। অভিষেক শর্মার করা ওই ওভারে ছয় বলেই ৩০ রান নেন সরফরাজ। তিনটি চার ও তিনটি ছক্কায় ওভারটি একাই শেষ করেন তিনি।
এর আগের ম্যাচেও নজর কেড়েছিলেন সরফরাজ। ৩১ ডিসেম্বর গোয়ার বিপক্ষে ৭৫ বলে ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৯টি চার ও ১৪টি ছক্কা। নতুন বছরের শুরুটাও করলেন একই ছন্দে।
আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন সরফরাজ। নিলামে ৭৫ লাখ রুপি বেস প্রাইজে তাকে দলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। যদিও নিলামের প্রথম রাউন্ডে আনসোল্ড ছিলেন তিনি।
জাতীয় দলে জায়গা না পেলেও পারফরম্যান্সে বারবার নিজের নাম মনে করিয়ে দিচ্ছেন সরফরাজ খান। নির্বাচকদের নজরে ফেরার দৌড়ে এমন ইনিংস যে বাড়তি বার্তা দিচ্ছে, তা বলাই যায়।
তবে সরফরাজের এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের দিনেও হেরে গেছে তার দল। ২৪ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে তারা ১ রানে হেরেছে!

