পাকিস্তান দলে ক্রিকেটার নির্বাচন নিয়ে আফ্রিদির প্রশ্ন।পাকিস্তান দলে ক্রিকেটার নির্বাচন নিয়ে আফ্রিদি প্রশ্ন তুলেছেন। ছবি: পিসিবি

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দলের তরুণদের ভিড় আর নির্বাচকদের দূরদর্শিতার অভাবকেই এই লজ্জাজনক হারের প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক ভিডিও বার্তায় আফ্রিদি দাবি তুলেছেন—দলে নয়, বরং আকিব জাভেদ ও মিসবাহদের নিয়ে গড়া নির্বাচক কমিটিতেই এখন ‘সার্জারি’ বা বড় পরিবর্তন প্রয়োজন।

নির্বাচকদের ‘অন্ধ’ সিদ্ধান্তের সমালোচনা

এক ঝাঁক নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে এসেও ভাগ্য ফেরাতে পারেনি পাকিস্তান। সিরিজে ৬ জন ক্রিকেটারের অভিষেক করানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। আফ্রিদির মতে, নির্বাচক কমিটির কার কোন সংস্করণে অধিনায়ক হওয়া উচিত বা কাদের দলে রাখা প্রয়োজন, সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণাই নেই।

তিনি বলেন, “নির্বাচক কমিটিতে যারা আছেন তারা অনেক ক্রিকেট খেলেছেন, কিন্তু কার কোন ফরম্যাটে অধিনায়ক হওয়া উচিত, সেই ধারণা আপনাদের নেই। আপনারা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন।”

‘সার্জারি’র নামে অদূরদর্শিতা

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু আফ্রিদি মনে করেন, ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে দেওয়াটা আত্মঘাতী।

আফ্রিদি যোগ করেন, “সার্জারির নামে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নতুন খেলোয়াড়দের দলে ঢুকিয়ে দিচ্ছেন। অথচ আপনাদের ঘরোয়া ক্রিকেট এতটা মানসম্পন্ন নয় যে সেখান থেকে নিয়মিত ভালো ক্রিকেটার উঠে আসবে।”

সিনিয়রদের বাদ দেওয়ার খেসারত

আফ্রিদির মতে, সিনিয়র ক্রিকেটারদের এভাবে একপাশে সরিয়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। বিশেষ করে যারা টি-টুয়েন্টিতে ধুঁকলেও ওয়ানডে সংস্করণে পরীক্ষিত, তাদের দলে রাখা উচিত ছিল। আফ্রিদির ভাষায়, একের পর এক খেলোয়াড়কে অভিষেক করানোই সার্জারি নয়, বরং যারা এই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেই নির্বাচক কমিটিরই এখন সার্জারি হওয়া উচিত।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ হার পাকিস্তানের ক্রিকেটে যে বড় ধরণের ঝড়ের পূর্বাভাস দিচ্ছে, শহীদ আফ্রিদির এমন কড়া মন্তব্য তারই প্রমাণ। পিসিবি এখন অভিজ্ঞ এই তারকার পরামর্শে নির্বাচক কমিটিতে কোনো পরিবর্তন আনে কি না, সেটাই দেখার বিষয়।