তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী দারুণ ব্যাটিং করেন।তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর জুটিতে জয় পায় বাংলাদেশ।

এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? ৩, ৪ না কি ৬? কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ যা ঘটল, তা ক্রিকেট রূপকথাকেও হার মানাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের পথে এক বৈধ ডেলিভারি থেকেই বাংলাদেশ সংগ্রহ করল ১৭ রান! কিউই পেসার ম্যাথু ফিশারের দিশেহারা বোলিং আর শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে ম্যাচটি ইতিহাসের পাতায় জায়গা করে নিল। ৬ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করল টাইগাররা।

শুরুর বিপর্যয় কাটিয়ে লক্ষ্য যখন কঠিন

১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে বেশ চাপে ছিল বাংলাদেশ। ১০.১ ওভারে ৭৭ রান তুলতেই সাজঘরে ফেরেন ৩ টপ অর্ডার ব্যাটার। গ্যালারিতে যখন হারের শঙ্কা উঁকি দিচ্ছিল, তখনই দৃশ্যপটে আসেন তাওহীদ হৃদয়, পারভেজ ইমন ও শামীম পাটোয়ারী।

তাঁদের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ ৮ ওভারে ১০৬ রান তুলে নেয় স্বাগতিকরা। কিন্তু সব নাটকীয়তা জমা ছিল ম্যাচের ১৭তম ওভারের শেষ বলটির জন্য।

এক বলের সেই মহানাটক

১৭তম ওভারের শেষ বলটি করতে আসেন কিউই বোলার ম্যাথু ফিশার। তাঁর ওভারপিচড ডেলিভারিটি শামীম পাটোয়ারী ফ্লিক করে বাউন্ডারিতে পাঠান। কিন্তু ফিশার নির্দিষ্ট সীমা অতিক্রম করায় আম্পায়ার ‘নো বল’ ডাকেন। অর্থাৎ স্কোরবোর্ডে ৫ রান যোগ হওয়ার পাশাপাশি বাংলাদেশ পায় একটি ফ্রি হিট।

এরপর ফিশার যেন খেই হারিয়ে ফেলেন। ফ্রি হিটের প্রথম বলটি তিনি করেন ওয়াইড। ফলে পুনরায় ফ্রি হিট বল করতে হয় তাঁকে। দ্বিতীয়বার ফ্রি হিট দিতে গিয়ে ফিশার ছুড়ে বসেন একটি বিপজ্জনক বিমার।

কোমরের ওপর উঠে যাওয়া সেই বলটি শামীম বাউন্ডারি ছাড়া করলেও আম্পায়ার গাজী সোহেল আবারও ‘নো বল’ ঘোষণা করেন। স্কোরবোর্ডে আরও ৫ রান যুক্ত হয় এবং ফ্রি হিট বহাল থাকে।

আরও পড়ুন: অভিমানী হৃদয়ের মন্ত্রের নাম ‘অ্যাটাক’!

ছক্কায় শেষ হলো রোমাঞ্চ

তৃতীয়বারের চেষ্টাতেও ভাগ্য বদলাতে পারেননি ফিশার। এবার তাঁর ওভারপিচড ডেলিভারিকে কাউ কর্নারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন এক ছক্কায় ওড়ান শামীম পাটোয়ারী। এই চার বলে আসে দুই চার, এক ছক্কা, সঙ্গে দুই নো বল ও একটি ওয়াইড।

সব মিলিয়ে একটি বৈধ ডেলিভারি (বল) সম্পন্ন করতে ফিশার খরচ করেন ১৭ রান। এই অবিশ্বাস্য এক বলের নাটকেই নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচ পুরোপুরি ছিনিয়ে নেয় বাংলাদেশ।