স্পেন আছে দুর্দান্ত ছন্দে। বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে একটিতেও হারেনি তারা। শুধু তা-ই নয়, এসব ম্যাচে তারা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৯ গোল। বিপরীতে একটিও হজম করেনি!
বাছাইয়ে শতভাগ জয়ের পরও স্পেনকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে খানিকটা অপেক্ষা করতেই হচ্ছে। যদিও সে অপেক্ষা কাগজে-কলমে।
বিশ্বকাপে ইউরোপিয়ান বাছাই গ্রুপ ‘ই’-তে স্পেনের পয়েন্ট ৫ ম্যাচে ১৫, গোল ব্যবধান (+১৯)। সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তুরস্ক আছে ২ নম্বরে, তাদের গোল ব্যবধান (+৫)। গ্রুপের শীর্ষ দল পাবে বিশ্বকাপের টিকিট।
আগামী মঙ্গলবার রাতে স্পেন-তুরস্কের ম্যাচ। সে ম্যাচে তুরস্ক শুধু জিতলেই হবে না, গোল ব্যবধান মেটাতে হবে, যা রীতিমতো অসম্ভব। ফলে স্পেনের বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিতই।
কাল রাতে স্পেন ৪-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে। তিবলিসিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন। বলদখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্বাগতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। জোড়া গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। অন্য দুটি গোল এসেছে মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসের পা থেকে।
ম্যাচ শেষে তোরেস বলেন, ‘দল হিসেবে আমরা দুর্দান্ত কাজ করেছি। যদিও এখনো গণিতিক হিসাব অনুযায়ী (বিশ্বকাপ) নিশ্চিত হয়নি, তবে শেষ ম্যাচে আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। কোনো কিছুই আগে থেকে ধরে নেওয়া যায় না, কিন্তু আমরা নিজেদের ওপর আত্মবিশ্বাসী।’
এদিকে, কাল রাতে গ্রুপ ‘জে’-তে কাজাখস্তানের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। এই ড্রয়ে বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়ল রুডি গার্সিয়ার দলের। ৭ ম্যাচ শেষে বেলজিয়ামের পয়েন্ট ১৫, সমান ম্যাচে দুইয়ে থাকা উত্তর মেসেডোনিয়ার পয়েন্ট ১৩। ১৩ পয়েন্ট নিয়ে গোলের ব্যবধানে পিছিয়ে থেকে তিনে আছে ওয়েলস।
বেলজিয়াম যদি শেষ ম্যাচ জিতে বা ড্র করে, তাহলে তারা টিকিট পেয়ে যাবে। যদি হেরেও যায়, তবে উত্তর মেসেডোনিয়া ও ওয়েলসের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

