বাংলাদেশের ফুটবল নতুন এক অধ্যায় শুরু করেছে। এই অধ্যায়ে হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ, কিউবা মিশেলের মতো প্রতিভাবান ফুটবলাররা যুক্ত হয়েছেন।
তাদের মধ্য দিয়ে মাঠের ফুটবলেও বদলাতে শুরু করেছে বাংলাদেশ। এখন আর ‘মান্ধাতার আমলের ম্যাড়ম্যাড়ে’ ফুটবল দেখা যাচ্ছে না জামাল ভূঁইয়ার দলের। বরঞ্চ গতি এসেছে, সৌন্দর্য বেড়েছে।
কিন্তু নতুন যাত্রায় জয়টা এখনও অধরাই রয়ে গেছে বাংলাদেশের। এই প্রত্যাশিত জয়ের জন্য দল মুখিয়ে আছে, এমনটাই বললেন শামিত সোম।
সামনে ভারত ম্যাচ, মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটিতে জয় ছাড়া কিছু ভাবছে না হাভিয়ের কাবরেরার দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় সেই ২২ বছর আগে। ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ঢাকায় মতিউর মুন্নার গোল্ডেন গোলে প্রতিবেশী দেশটিকে শেষবার হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়খরা কাটাতে চায় বাংলাদেশ। ভারত ম্যাচকে সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করেছে দল। অনুশীলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শামিত সোম।
কানাডা প্রিমিয়ার লিগে কাভারলি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার বলেন, ‘ভারত ভালো দল, আমরাও ভালো। ভালো কম্পিটিশন হবে। তবে আমরা রেডি থাকবো। আর আশা করি জিততে পারবো। যদি ভালো খেলতে পারি আমরা জিতবো। একটা জয়ের জন্য মুখিয়ে আছি। যে জয়ের চেষ্টা করছি, সে জয়টা আমরা আগামী ম্যাচেই পাবো বলে বিশ্বাস করি।’
‘ভারত ভালো দল। তবে তাদেরও ঘাটতি আছে। তাদের মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনে গ্যাপ থাকে। ওইটার জন্য স্পেস থাকতে পারে। নেপাল যেভাবে ডিফেন্ড করেছে, ইন্ডিয়া সেভাবে মনে হয় করতে পারবে না। আমরা সুযোগ কাজে লাগাতে পারবো।’
গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় শামিত সোমের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন, গোলও করেছেন একটি। তবে ভারতের বিপক্ষে এই প্রথম খেলতে নামবেন তিনি। শামিত ছাড়াও জায়ান, কিউবাও ভারতকে প্রথমবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন।

