আহতের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।আহতের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক সম্ভাবনাময় প্রতিভা ঝরে গেছে কেবল সময়মতো চিকিৎসা আর পৃষ্ঠপোষকতার অভাবে। ইনজুরির সেই দহন কাল জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে খুব কাছ থেকে দেখেছেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাই তো ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনাকবলিত হওয়া গাজীপুরের ক্ষুদে অ্যাথলেট সোহাদার কথা শুনে স্থির থাকতে পারেননি তিনি। আজ মঙ্গলবার সকালেই হাসপাতালে ছুটে গেছেন এই লড়াকু প্রতিভাকে সাহস দিতে।

মাঠ থেকে হাসপাতালে

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল সোমবার শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাঠ মাতিয়েছিল। কিন্তু দিনশেষে বাড়ি ফেরার পথে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে অ্যাথলেট।

স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে সে।

আরও পড়ুন:
লন্ডনের রেস্টুরেন্ট থেকে সিলেটের স্টেডিয়াম: নতুন কুঁড়িতে সম্ভাবনার স্বপ্ন

আহত অ্যাথলেটকে সাহস

মঙ্গলবার সকালে সোহাদার শয্যাপাশে দীর্ঘ সময় কাটান প্রতিমন্ত্রী আমিনুল হক। চিকিৎসকদের সাথে কথা বলে সোহাদার শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন তিনি।

যন্ত্রণায় কাতর ক্ষুদে অ্যাথলেটকে অভয় দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।”

ব্যয় বহন করবে মন্ত্রণালয়

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে প্রতিমন্ত্রী বড় এক ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সোহাদা পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।

উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার গাফিলতি না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনাও প্রদান করেন তিনি। তৃণমূলের একজন প্রতিভার প্রতি প্রতিমন্ত্রীর এই মানবিকতা ক্রীড়াঙ্গনে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন:
নতুন কুঁড়ি স্পোর্টস: প্রতিভা অন্বেষণে সরকারের মেগা প্রজেক্ট