চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হামজা চৌধুরী।ফুডির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেন হামজা চৌধুরী।

ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে সংক্ষিপ্ত সফরে ঢাকায় অবস্থান করছেন। এবার অবশ্য লাল-সবুজের জার্সি গায়ে জাতীয় দলের কোনো ম্যাচ খেলতে নয়, বরং ব্যক্তিগত ও বাণিজ্যিক কিছু কাজ সারতেই তাঁর এই আকস্মিক সফর। সেই সফরের অংশ হিসেবে আজ বিকেলে দেশীয় করপোরেট অঙ্গনে এক নতুন পথচলা শুরু করলেন এই ফুটবল তারকা। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ‘ফুডি’ (Foodi)-র শুভেচ্ছাদূত হয়েছেন হামজা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে দুই পক্ষের মধ্যে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এখন থেকে ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে সরাসরি অংশ নেবেন হামজা এবং দেশব্যাপী ব্র্যান্ডটির পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন।

এর আগে সকালে বিমানযোগে ঢাকায় এসে পৌঁছান হামজা।

দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গর্বিত হামজা

ফুডির সঙ্গে এই নতুন যাত্রা প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, “আমি ফুডির সঙ্গে যুক্ত হচ্ছি, যেটি বাংলাদেশে তৈরি সবচেয়ে দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক একইভাবে এই দেশীয় একটি ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পেরে সমানভাবে গর্বিত।”

তিনি যোগ করেন, “ফুডির সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”

আরও পড়ুন:
হামজা চৌধুরী কেন আচমকা ঢাকায় আসছেন

অধ্যবসায়ের প্রতীক হিসেবে হামজাকে বরণ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন, “হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশি গর্ব ও অধ্যবসায়ের প্রতীক।”

“ফুডি বিশ্বাস করে স্থানীয়তার শক্তিতে—স্থানীয় প্রতিভা, উদ্যম এবং প্রভাবে। হামজাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া একটি অত্যন্ত স্বাভাবিক এবং আনন্দের বিষয়। তিনি ঠিক সেই মূল্যবোধ ধারণ করেন, যা ফুডি প্রতিনিধিত্ব করে।”

অনুষ্ঠানে ফুডির ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসিসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত সফর শেষে হামজা ফিরে যাবেন যুক্তরাজ্যে। সেখান থেকে সরাসরি সান মারিনোতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে, যেখানে আগামী ৫ জুন বাংলাদেশের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
হামজা-শামিতদের কোচ: সংক্ষিপ্ত তালিকায় ১০ জন, সিদ্ধান্ত ৩ দিনে