আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও ডেক্ল্যান সুলিভান এখন বাংলাদেশ ফুটবলের তারকা।রোনান-ডেক্ল্যানরা এখন বাংলাদেশের ফুটবলের নতুন তারকা।

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালেতে ভারতের বিপক্ষে টাইব্রেকারে সেই ‘পানেনকা’ শটে গোল করে যখন রোনান সুলিভান দৌড় দিচ্ছেন, গ্যালারিতে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশির মতো গর্বে বুক ভরে উঠছিল সুলতানা আলমের। তিনি সুলিভান ভাইদের নানি। প্রবাসে বড় হওয়া দুই নাতি লাল-সবুজ জার্সিতে দেশকে ট্রফি এনে দিয়েছেন—এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! এদিকে, নতুন খবর হচ্ছে বাংলাদেশের পাইপলাইনে আছেন আরও ৬ প্রবাসী ফুটবলার! বাফুফের নজরে রয়েছেন তারা।

হামজাকে দেখেই রোনানের ‘পানেনকা’ জাদু

গত নভেম্বরে জাতীয় দলের হয়ে নেপালের বিপক্ষে পানেনকা শটে গোল করেছিলেন প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী (Hamza Choudhury)। রোনান সুলিভান জানান, হামজার সেই সাহস দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। চাপের মুখে ভারতের বিপক্ষে ফাইনালে সেই একই কৌশলে গোল করে তিনি প্রমাণ করেছেন, বাংলাদেশের স্ট্রাইকার সংকটের সমাধান হতে পারেন এই ক্লিনিক্যাল ফিনিশার।

নানি সুলতানা আলম বলেন, “বাংলাদেশিরা যখন কোনো উপলক্ষ পায়, উদযাপনে কমতি রাখে না। নাতিদের সাফল্যে আমি আনন্দিত, ওরা বাংলাদেশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছে।”

পাইপলাইনে আরও ৬ প্রবাসী প্রতিভা

সুলিভান ভাইদের সাফল্যের পর বাফুফে (BFF) এখন আরও আক্রমণাত্মকভাবে প্রবাসী খেলোয়াড়দের খুঁজছে। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এ বছর অন্তত ছয়জন প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সিতে যোগ দিতে পারেন। এর মধ্যে অনূর্ধ্ব-২০ দলে দুইজন, জাতীয় দলে দুইজন এবং মেয়েদের যুব দলে একজনের আসা প্রায় নিশ্চিত।

এছাড়া আরও একজন হাই-প্রোফাইল খেলোয়াড়ের সাথে কথা চলছে, যিনি রাজি হলে সরাসরি জাতীয় দলের হয়ে মাঠে নামবেন। এতে দলের Squad Depth এবং মান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তবে সেই ৬ প্রবাসী ফুটবলার কারা, তা এখনই প্রকাশ করতে রাজি নয় বাফুফে। সবকিছু ঠিকঠাক থাকলে তাদের নাম প্রকাশ করা হবে। তবে এদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন।

আরও পড়ুন: সুলিভান ব্রাদার্স: আমেরিকায় বেড়ে ওঠা বাঙালির রক্তে সাফের জয়গান

গেম টাইম বিতর্ক ও বাফুফের অবস্থান

সাফে রোনান সব ম্যাচে খেললেও তাঁর ভাই ডেক্ল্যানকে খুব একটা মাঠে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যে কোচিং স্টাফদেরনিয়ে সমালোচনা চললেও ফাহাদ করিম টেকনিক্যাল টিমের পাশেই দাঁড়িয়েছেন।

তিনি বলেন, “কারিগরি বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না, তবে ফলাফল না এলে জবাবদিহি নিশ্চিত করি। যেহেতু দল চ্যাম্পিয়ন হয়েছে, তাই কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।”

তবে ভবিষ্যতে আসা ফুটবলাররা পর্যাপ্ত গেম টাইম (Game Time) পাবেন বলেও তিনি আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন: পানেনকা: পেলের চোখে ‘পাগলামি’, রোনানের পায়ে শিরোপা!