বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্প্রচার ও ধারাভাষ্যেও পরিবর্তন চোখে পড়ছে। টুর্নামেন্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি) ধারাভাষ্য প্যানেল সাজানোর কাজটিও করছে।
চলমান বিপিএলে পাকিস্তান থেকে এসেছিলেন একাধিক পরিচিত ধারাভাষ্যকার ও প্রেজেন্টার। তাদের মধ্যে রোববার সকালে বাংলাদেশ ছেড়েছেন ওয়াকার ইউনুস। মূলত আইএল টি-টোয়েন্টিতে যোগ দেওয়ার কারণেই বিপিএল থেকে সাময়িকভাবে বিদায় নিয়েছেন তিনি। তবে টুর্নামেন্টের ঢাকা পর্বে আবারও ধারাভাষ্য কক্ষে ওয়াকার ইউনুসকে দেখা যাবে।
এদিকে ধারাভাষ্য প্যানেলে নতুন সংযোজন হতে যাচ্ছেন ড্যারেন গফ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন সাবেক এই ইংলিশ পেসার। ইংল্যান্ডের হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গফ, যিনি মাঠে ছিলেন ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
পরিসংখ্যানেও গফের নাম উজ্জ্বল। টেস্ট ক্রিকেটে ৫৮ ম্যাচে শিকার করেছেন ২২৯ উইকেট। আর ওয়ানডেতে ১৫৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৩৫। সময়ের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত গফের লেট সুইং ছিল ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও গফ মাঠের কাছেই আছেন। বিশ্লেষক হিসেবে কাজ করেছেন বিভিন্ন সম্প্রচারে, পাশাপাশি কোচ হিসেবেও যুক্ত ছিলেন একাধিক দলের সঙ্গে। বিপিএলের ধারাভাষ্য প্যানেলে তার উপস্থিতি বাড়তি আকর্ষণ যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এখনো বাংলাদেশেই আছেন এবং ধারাভাষ্য প্যানেলে দায়িত্ব পালন করছেন। বিদেশি ধারাভাষ্যকারদের পাশাপাশি দেশীয় কণ্ঠ হিসেবেও থাকছেন আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষ।

