দেশের ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইছে। মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর দায়িত্ব নিয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার দ্বিতীয় বোর্ড সভাতেই বড়সড় চমক দিলেন এই টাইগার ওপেনার। ঘরোয়া ক্রিকেটে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ ফিতে বড় লাফ, অবাক তামিম
বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকে কিছু জিনিস দেখে আমি সত্যিই অবাক হয়েছি। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি এক সময় ১ হাজার টাকা ছিল, পরে তা ৫ হাজার করা হয়। আমার মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’
নতুন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটাররা এখন থেকে টি-টোয়েন্টিতে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং লঙ্গার ভার্সন ম্যাচে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এছাড়া লঙ্গার ভার্সনে পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার অনুমোদন দেওয়া হয়েছে।
বেতন কাঠামোতে আমূল পরিবর্তন
বেতনের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে নারী ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ৩০ হাজার টাকা, যা বাড়িয়ে এখন ক্যাটাগরি অনুযায়ী ৪৫ থেকে ৬৫ হাজার টাকা করা হয়েছে। তামিমের ঘোষণা অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরি ৬৫ হাজার, ‘বি’ ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার টাকা মাসিক বেতন পাবে।
অন্যদিকে, ৩-৪ বছর ধরে অপরিবর্তিত থাকা পুরুষ ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে। আগে যেখানে বেতন ছিল ক্যাটাগরি ভেদে ২৫ থেকে ৩৫ হাজার টাকা, এখন তা করা হয়েছে ৪০ থেকে ৬৫ হাজার টাকা। বিসিবির চুক্তিতে ৯৫ জন ক্রিকেটার আছেন।
আরও পড়ুন: তামিমের অঙ্গীকার, তামিমের প্রতিশ্রুতি
মাঠ ভাড়া করে হলেও হবে ঢাকা লিগ
দেশের ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) নিয়ে অনিশ্চয়তা কাটাতে কঠোর অবস্থান নিয়েছেন তামিম। তিনি জানান, দ্রুতই ক্লাবগুলোর সঙ্গে বসে দলবদল ও লিগের তারিখ চূড়ান্ত করা হবে। মাঠের সংকটের বিষয়ে তামিম বলেন, ‘প্রয়োজন হলে আমরা প্রাইভেট একাডেমিগুলোর মাঠ ভাড়া করে খেলা চালাব। লক্ষ্য একটাই—দ্রুত খেলা মাঠে ফেরানো।’
বোর্ডর দায়িত্ব বণ্টন ও ‘উন্মুক্ত’ ক্রিকেট অপারেশন্স
তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড বিলুপ্ত হওয়ার পর গঠিত এই অ্যাডহক কমিটির মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ক্রিকেট অপারেশন্স’ (Cricket Operations) বিভাগটি আপাতত নির্দিষ্ট কাউকে না দিয়ে সবার জন্য উন্মুক্ত রেখেছেন তামিম।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
তামিম ইকবাল: ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ।
আতহার আলী খান: আম্পায়ার্স কমিটি।
মিনহাজুল আবেদীন নান্নু: টুর্নামেন্ট কমিটি।
রফিকুল ইসলাম বাবু: গ্রাউন্ডস।
ফাহিম সিনহা: গেম ডেভেলপমেন্ট ও বিপিএল।
তানজিল চৌধুরী: এইজ গ্রুপ।
রাশনা ইমাম: উইমেন্স উইং ও মেডিকেল।
ইসরাফিল খসরু: ফিন্যান্স।
আরও পড়ুন: ভারত থেকে এলো তামিম ইকবালের জন্য অভিনন্দন বার্তা
নিউজিল্যান্ড সিরিজে সময়সূচিতে পরিবর্তন
বৈশ্বিক পরিস্থিতিতে দেশে জ্বালানির যে সংকট, তা মোকাবেলা করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজে ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বেলা ২টা থেকে শুরু হতে পারে।

