হ্যাটট্রিক করে উড়ছেন টম নর্টন।হ্যাটট্রিকের পর টম নর্টন। ছবি: গেটি ইমেজেস

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিলেন গ্ল্যামারগানের ১৮ বছর বয়সী পেসার টম নর্টন। সমারসেটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ক্রিকেট ইতিহাসের রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন এই তরুণ তুর্কি। ১৯০৬ সালের পর প্রথম কোনো বোলার হিসেবে কাউন্টি অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি। একই সাথে প্রথম-শ্রেণীর ক্রিকেটে গ্ল্যামারগানের সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকধারী বোলারও এখন তিনি।

রেকর্ড ভাঙা সেই স্পেল

সমারসেটের দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় ওভারে রুদ্রমূর্তি ধারণ করেন নর্টন। ওভারের প্রথম বলে তিনি ফিরিয়ে দেন ইংল্যান্ডের উদীয়মান তারকা জেমস রিউকে। পরের বলে টম ল্যামনবিকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন এবং হ্যাটট্রিক ডেলিভারিতে আর্চি ভন-কে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উল্লাসে মাতেন।

৮ বছর বয়সে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে নর্টন ভেঙে দিয়েছেন ১৯৬২ সালে গড়া জেফ জোনসের (২০ বছর) রেকর্ড। গ্ল্যামারগানের হয়ে এটিই এখন সর্বকনিষ্ঠ হ্যাটট্রিকের রেকর্ড।

অথচ এই ম্যাচের আগে একটিমাত্র লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন টম নর্টন! গেল বছরের আগস্টে লেস্টারশায়ারের বিপক্ষে খেলেছিলেন সেই ম্যাচ।

নর্টনের প্রতিক্রিয়া

ইতিহাস গড়ার পর টম নর্টন বিবিসি স্পোর্টস ওয়েলসকে বলেন, “এটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত যা আমি আজীবন মনে রাখব। অভিষেকেই হ্যাটট্রিক করা এবং প্রতিপক্ষকে ছয় উইকেটে রাখা ছিল স্বপ্নের মতো।”