যুব বিশ্বকাপে বাংলাদেশের মেন্টর হিসেবে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ।মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশের যুবারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে সেই আসরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়ে দেশে ফিরতে হয়েছিল। সেই ব্যর্থতার গ্লানি মুছে আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লক্ষ্য এবার ২০২৮ সালের যুব বিশ্বকাপ। আর এই লক্ষ্য পূরণে কোচিং প্যানেলে বড় পরিবর্তনের পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদকে দলে যুক্ত করতে যাচ্ছে বোর্ড।

আস্থা নাভিদ নেওয়াজেই?

বিশ্বকাপের পর যুব দলের নতুন কোনো প্রোগ্রাম বা টুর্নামেন্ট না হওয়ায় প্রধান কোচ নাভিদ নেওয়াজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। গুঞ্জন ছিল, তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ছে না।

তবে বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আপাতত ডাগআউটে কোনো অস্থিরতা চাইছে না বোর্ড। লঙ্কান এই মাস্টারের ওপরই পুনরায় আস্থা রাখছে বিসিবি। ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত নাভিদ নেওয়াজের কাঁধেই থাকছে জুনিয়র টাইগারদের প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব।

মূলত তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে নাভিদের অভিজ্ঞতা ও পূর্বের সফলতাকে (২০২০ বিশ্বকাপ জয়) বড় করে দেখছে বিসিবি।

তবে ভিন্ন তথ্যও মিলছে। হান্নান সরকারও আছেন যুবাদের কোচ হওয়ার দৌড়ে। আগামী সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

মেন্টর হিসেবে আসছেন রিয়াদ

এবারের যুব দল পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় চমক হয়ে আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ।

বোর্ড সূত্রে খবর, যুব দলের মেন্টর হিসেবে রিয়াদকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি এবার তিনি ভাগ করে নেবেন আগামীর তারকাদের সঙ্গে। তরুণ ক্রিকেটারদের মানসিক শক্তি বৃদ্ধি এবং চাপের মুখে পারফর্ম করার মন্ত্র শেখাতেই মাহমুদউল্লাহর মতো ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে।

সব কিছু চূড়ান্ত হয়ে গেলেও এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র।

প্রাথমিক প্রস্তুতি ও ট্রেনিং সেশন

বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠতে বিসিবি ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। শেষ হয়েছে ইয়ুথ ক্রিকেট লিগ, যেখানে সম্ভাবনাময় প্রতিভাদের খুঁজে বের করা হয়েছে। সেই লিগ থেকে বাছাইকৃত সেরা ৫০ জন ক্রিকেটারকে নিয়ে এখন চলছে ইনটেনসিভ ট্রেনিং সেশন। এই ৫০ জনের মধ্য থেকেই ধীরে ধীরে ছেঁকে বের করে আনা হবে ২০২৮ বিশ্বকাপের মূল স্কোয়াড।

বিসিবির এই পরিকল্পনা বলে দিচ্ছে, গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার দীর্ঘমেয়াদি প্রস্তুতির পথে হাঁটছে তারা। একদিকে নাভিদ নেওয়াজের ট্যাকটিক্যাল জ্ঞান, অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের মেন্টরশিপ—এই দুইয়ের মিশেলে বাংলাদেশের যুব ক্রিকেট আবারও বিশ্বমঞ্চে হারানো গৌরব ফিরে পাবে কি না, সেটিই এখন দেখার বিষয়।