রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের অন্যতম প্রাণশক্তি। ভিনি হাসলে রিয়ালও হাসে। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন যাচ্ছেন দুঃসময়ের মধ্য দিয়ে।

টানা ১৪ ম্যাচ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের হয়ে গোল পাননি ভিনিসিয়ুস!

কাল রাতে লা লিগার ১৭তম রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেলিংহাম ও এমবাপ্পে করেছেন গোল দুটি। তবে খেলার মান তাদের উন্নত ছিল না। সন্তুষ্ট হননি দর্শকরা, দুয়ো ধ্বনি শুনিয়েছেন কোচ জাবি আলনসোকে।

এ ম্যাচেও গোলের দেখা পাননি ভিনি। ৪ অক্টোবরের পর থেকে তিনি আছেন গোলখরার মধ্যে। সর্বশেষ পাঁচ বছরের মধ্যে এমন গোলশূন্য সময় যায়নি এই তারকার।

তবে তার জন্য এরকম পরিস্থিতি ব্যতিক্রম নয়। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি অবধি টানা ২৫ ম্যাচে কোনো গোল করতে পারেননি ভিনি!

কিন্তু সেই ভিনি আর এখনকার ভিনির ব্যবধান অনেক। এখন তিনি পরিণত, শাণিত। তারপরও গোল পাচ্ছেন না। এর মধ্যে কোচের সঙ্গেও ঠিক বনছে না যেন।

বাজে ফর্মের কারণে প্রায়ই মেজাজ হারাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। কালও যেমন দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে তাকে।

ম্যাচ শেষে কোচ জাবি আলনসো এমন মন্তব্য করেন, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে।

রিয়াল কোচ বলেন, ‘ভিনিকে কেন দুয়ো দেওয়া হলো? অবশ্য ভক্তদের অধিকার আছে তাদের মতামত প্রকাশ করার।’

এই বছরে মাত্র ১৩ গোল করেছেন ভিনিসিয়ুস। তার ফর্ম শুধু রিয়ালকেই নয়, ব্রাজিলকেও দুশ্চিন্তায় ফেলছে।