কার্লো আনচেলত্তি কোচ হিসেবে খুবই অভিজ্ঞ। তার ক্যারিয়ারে সাফল্যও কম নয়। বর্তমানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে কাজ করছেন তিনি।
এই কোচের কাজে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নাকি খুবই খুশি! এজন্য তাকেই ২০৩০ সাল অবধি দলের কোচ হিসেবে রেখে দিতে চায় তারা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস।
কার্লো আনচেলত্তি ক্লাব ফুটবলে অসাধারণ সব অর্জনে সমৃদ্ধ। এই ইতালিয়ান কোচ গেল মে মাসে রিয়াল মাদিদ্র ছেড়ে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেন। আগামী ফিফা বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে সিবিএফের।
তবে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস জানাচ্ছে, কার্লো আনচেলত্তির সঙ্গে শিগগিরই নতুন চুক্তি করতে যাচ্ছে সিবিএফ। এই চুক্তির মেয়াদ হবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
কিন্তু বিষয়টি নিয়ে প্রশ্নও ওঠছে। আনচেলত্তি যদি আগামী বিশ্বকাপে ব্রাজিলকে সাফল্য এনে দিতে না পারেন, যদি তার কৌশল কাজে না দেয়, তাহলেও কি সিবিএফ তাকে কোচ হিসেবে রাখতে চাইবে?
আনচেলত্তি কঠোরভাবে দল চালাচ্ছেন। ব্রাজিল স্কোয়াডে তারকা নেইমারকে ফেরাচ্ছেন না। দলে সর্বেসর্বা হয়ে আছেন আনচেলত্তি।

