Mohamed Salah looking frustrated during a Liverpool match.লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ছবি: রয়টার্স

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ মাঠের বাইরে চরম ‘স্বার্থপর’ আচরণ করছেন এবং দলের শেষ ম্যাচে তাকে মাঠের আশেপাশেও রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। সম্প্রতি অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে হেরে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট অনিশ্চিত হয়ে পড়ার পর কোচ আর্নে স্লটের ট্যাকটিকস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন সালাহ।

রুনির মতে, লিভারপুলের বিদায়ী এই কিংবদন্তি মূলত কোচের সিদ্ধান্তকে প্রকাশ্যে অসম্মান করেছেন এবং দলের বাকি খেলোয়াড়দের বিপদে ফেলেছেন।

কোচের ওপর সালাহর ক্ষোভ ও রুনির চড়া সুর

চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ৩৩ বছর বয়সী সালাহ। লিভারপুলের হয়ে ৯ বছরে ২৫৭ গোল ও ৬টি বড় ট্রফি জেতা এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, লিভারপুলকে আবার আগের মতো আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে যা প্রতিপক্ষকে কাঁপিয়ে দেবে এবং ক্লাবে আসা সবাইকে এর সাথে মানিয়ে নিতে হবে।

আরও পড়ুন:
লিভারপুলে ভাঙনের সুর: সালাহ-অ্যালিসনের পর এবার কার্টিস জোন্স!

সালাহর এই মন্তব্যকে আর্নে স্লটের পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন রুনি। ওয়েইন রুনি শো-তে তিনি বলেন, “লিভারপুলের হয়ে সালাহ যা অর্জন করেছে, তার শেষটা এভাবে হওয়াটা দুঃখজনক। স্লটকে এভাবে খোঁচা মারার কোনো মানে হয় না। সে আসলে ইয়ুর্গেন ক্লপের হেভি মেটাল ফুটবল ফিরে চাচ্ছে। কিন্তু আমার মনে হয় না সালাহর শরীরে এখন সেই গতি আর দম আছে।”

ফার্গুসনের উদাহরণ টেনে রুনি

সালাহর এই আচরণের পর লিভারপুলের শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাকে একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন রুনি।

নিজের ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি বলেন, “আমি যদি আর্নে স্লট হতাম, তবে শেষ ম্যাচে তাকে স্টেডিয়ামেরই ধারের কাছে ঘেঁষতে দিতাম না। ওল্ড ট্রাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের শেষ ম্যাচে আমার সঙ্গেও কোচের ঝামেলা হয়েছিল এবং সে কারণে ফার্গুসন আমাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন।”

রুনি আরও যোগ করেন, সালাহ দলের ভেতর একটা অসন্তোষের বোমা ফাটিয়েছেন, যা আগামী মৌসুমে থেকে যাওয়া অন্য ফুটবলারদের জন্য বড় সমস্যার কারণ হবে।

খারাপ মৌসুমের দায় এড়ানোর চেষ্টা

গত মৌসুমে ২৯ গোল করে লিভারপুলকে লিগ জেতাতে অবদান রাখলেও চলতি মৌসুমে সালাহ একেবারেই ফর্মে নেই। ৪০ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলও পড়ে আছে টেবিলের পাঁচ নম্বরে।

রুনি মনে করেন, নিজের এই বাজে পারফরম্যান্স আড়াল করতেই সালাহ কোচের ওপর দোষ চাপাচ্ছেন।

রুনি বলেন, “সালাহ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে কারণ তার এবারের মৌসুমটা খুব খারাপ কেটেছে। এভাবে কোনো খেলোয়াড় কোচের সিদ্ধান্তকে প্রকাশ্যে দুবার অসম্মান করতে পারে না। স্লটের উচিত এখন নিজের ক্ষমতা দেখানো এবং সালাহকে স্কোয়াড থেকে দূরে রাখা।”

আরও পড়ুন:
লিভারপুল শেষে সালাহর সামনে তিন পথ: সৌদি, মেসি বা ইতালি!