সব ধরনের পারিশ্রমিক জটিলতা কেটে যাওয়ার পরও শেষ মুহূর্তে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন না ক্রিস কোলম্যান। আজ সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক জরুরি সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোচ নিয়োগের প্রক্রিয়া থেমে নেই, আজ অথবা আগামীকালের মধ্যেই নতুন কোচের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই করতে যাচ্ছে বাফুফে।
এজেন্ট ফির নীতিগত দ্বন্দ্বে চুক্তি বাতিল
ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানই ছিলেন বাফুফের প্রথম পছন্দ। বাফুফে তার কাঙ্ক্ষিত পারিশ্রমিক দিতে রাজি হলেও বিপত্তি বাঁধে কোচের এজেন্টের একটি বাড়তি দাবি নিয়ে। কোচের বেতনের পাশাপাশি এজেন্টের নিজস্ব ফি-ও বাফুফেকে পরিশোধ করার শর্ত দেওয়া হয়, যা দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির নীতিমালার বাইরে।
এই বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “আমরা যখন সব চূড়ান্ত করতে গেলাম, তখন একটি জায়গায় আমাদের দ্বিমত তৈরি হয়। মাঝখানের একজন এজেন্ট বাফুফের কাছ থেকে বাড়তি ফি দাবি করে বসে। এখানে অর্থ কোনো বড় বিষয় নয়, মূল বিষয় হলো নীতি।”
“বাফুফে এর আগে কখনো কোনো কোচের এজেন্টের ফি দেয়নি। আমাদের বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা এই শর্তে চুক্তি সম্পন্ন করতে রাজি হয়নি।”
আরও পড়ুন:
ক্রিস কোলম্যানকে কোচ করা বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক?
ক্যাম্পের আগেই আসছেন নতুন কোচ
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই লক্ষ্যে জাতীয় দলের জন্য দ্রুত স্থায়ী কোচ নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছে।
কোলম্যানের অধ্যায় শেষ হয়ে যাওয়ায় বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা জার্মানির বার্নড স্টর্ক ও টমাস ভুলির দিকে এখন নজর সবার।
নতুন কোচের অধীনে দলের অনুশীলনের বিষয়ে তাবিথ আউয়াল যোগ করেন, “আগামী ২৪ মে থেকেই আমরা একজন স্থায়ী ও নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু করতে যাচ্ছি। তাই খুব দ্রুতই কোচের নাম ঘোষণা করা হবে।”
আরও পড়ুন:
হামজা-শামিতদের কোচ: সংক্ষিপ্ত তালিকায় ১০ জন, সিদ্ধান্ত ৩ দিনে

