ঘরোয়া মাঠে ঠাসা ক্রিকেট সূচির ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০২৬ মৌসুমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে যাবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তান দল। এই তিনটি হাইভোল্টেজ সিরিজের মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৮ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিডব্লিউআই এই আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে।
আসন্ন এই হোম মেগা মৌসুমের শুরুটা হবে লঙ্কানদের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী ৩ থেকে ১৪ জুনের মধ্যে জ্যামাইকার কিংস্টনের স্যাবিনা পার্কে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো। এরপর ২৫ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
একই ভেন্যুতে ৩ জুলাই থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
লঙ্কানদের বিদায়ের পরপরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রাখবে নিউজিল্যান্ড দল। এই সফরে কিউইরা স্বাগতিকদের বিপক্ষে কেবল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠেয় এই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে হবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে। লজিস্টিক জটিলতার কারণে শেষ দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করে বার্বাডোসের কেনসিংটন ওভালে স্থানান্তর করা হয়েছে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডেরিং।
ত্রিনিদাদে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট মিশন
নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
২৫ জুলাই থেকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচটির মাধ্যমে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির ঐতিহাসিক টেস্ট অভিষেক হতে যাচ্ছে। এরপর ২ আগস্ট থেকে কুইন্স পার্ক ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ লড়াই
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য এই চারটি টেস্ট ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ সাইকেল) অন্তর্ভুক্ত। চলতি চক্রে ক্যারিবিয়ানদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। এখন পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে টেবিলের তলানিতে (৯ম স্থানে) রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ফলে নিজেদের মাটিতে আসন্ন এই সিরিজ দুটি স্বাগতিকদের জন্য ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ।

