বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল।

ক্রিকেটের নিযন্ত্রক সংস্থা আইসিসি (ICC) আজ শুক্রবার পুরুষদের টেস্ট ও নারীদের ওয়ানডে র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে। নতুন এই তালিকায় বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ কিছু ইতিবাচক খবর রয়েছে। বিশেষ করে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শান্তর দল, আর ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে বড় লাফ দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

২০২৫ সালের মে মাস থেকে বর্তমান সময় পর্যন্ত হওয়া ম্যাচগুলোর ফলাফল শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনায় নিয়ে এই বার্ষিক হালনাগাদ করা হয়েছে।

উইন্ডিজের খুব কাছে বাংলাদেশ

পুরুষদের টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ দুই স্থানে কোনো পরিবর্তন হয়নি। ১৩১ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এক নম্বরে এবং ১১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। তবে বড় পরিবর্তন এসেছে তৃতীয় স্থানে; ইংল্যান্ডকে (১০২) পেছনে ফেলে ১০৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ভারত।

বাংলাদেশের জন্য খবর হলো, নাজমুল হোসেন শান্তদের রেটিং পয়েন্ট ৪ বেড়েছে। যদিও র‍্যাংকিংয়ে তারা আগের মতোই ৯ নম্বরে অবস্থান করছে, তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান এখন মাত্র ১ পয়েন্টের। ৬৮ রেটিং নিয়ে ক্যারিবীয়রা আটে থাকলেও ৬৭ রেটিং নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ। এদিকে ৮ ম্যাচ না খেলায় র‍্যাংকিং থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড।

আরও পড়ুন: আইসিসি র‌্যাঙ্কিংয়ে মিরাজ ৩ নম্বরে, নাহিদ-শরীফুল ও মোস্তাফিজের বড় লাফ

পাকিস্তানকে পেছনে ফেলল লাল-সবুজ

মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের জন্য এসেছে দারুণ সংবাদ। ৭৩ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে (৭২) টপকে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এই তালিকায় যথারীতি শীর্ষে আছে অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে ইংল্যান্ড। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পরের চারটি স্থান ধরে রেখেছে। গত তিন বছরে পর্যাপ্ত ম্যাচ না খেলায় থাইল্যান্ড ও নেদারল্যান্ডস র‍্যাংকিংয়ের বাইরে রয়েছে।

শীর্ষ ১০ টেস্ট দল (হালনাগাদ)

১. অস্ট্রেলিয়া (১৩১)
২. দক্ষিণ আফ্রিকা (১১৯)
৩. ভারত (১০৪)
৪. ইংল্যান্ড (১০২)
৫. নিউজিল্যান্ড (১০১)
৬. পাকিস্তান (৮৯)
৭. শ্রীলঙ্কা (৮৬)
৮. ওয়েস্ট ইন্ডিজ (৬৮)
৯. বাংলাদেশ (৬৭)
১০. জিম্বাবুয়ে (১০)

আইসিসি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি এবং ছেলেদের ওয়ানডে র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হবে।

আরও পড়ুন: র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ