ফ্রান্স হচ্ছে সবশেষ বিশ্বকাপের রানার্সআপ। তাদের বিপক্ষে বাংলাদেশের লড়াই একপেশেই হওয়ার কথা ছিল। তবে ছেড়ে কথা বলেনি বাংলাদেশ। দারুণ লড়ে শেষ অবধি হেরেছে জুনিয়র হকি দল।
সবশেষ জুনিয়র হকি বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স ৩ গোল দিয়েছে বাংলাদেশকে। জবাবে বাংলাদেশ দিয়েছে ২ গোল।
ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে হয়েছে জুনিয়র বিশ্বকাপের আজকের ম্যাচটি। ম্যাচের সপ্তম মিনিটে ফ্রান্স এগিয়ে যায়, পেনাল্টি স্ট্রোক থেকে জাল কাঁপান টম গাইলার।
এর আগে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল ফ্রান্স। দ্বিতীয় কোয়ার্টারেও দুটি পেনাল্টি কর্নার পায় তারা। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি।
এ সময়ে বাংলাদেশ একটি পেনাল্টি কর্নার পেলেও সেটি থেকে গোল করতে ব্যর্থ হয়। তবে ২৮ মিনিটে সমতা ফেরানো ফিল্ড গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
তৃতীয় কোয়ার্টারে ফ্রান্স আরও দুই গোল পেয়ে যায়। ৩২ মিনিটে ব্যবধান ২-১ করেন গাবিন লোরাজুরি। এরপর ৩৮ মিনিটে ফিল্ড গোল করেন জেমস লিডিয়ার্ড।
৩-১ গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফেরার চেষ্টা করেছে। ৫৫ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করেন। এ নিয়ে টুর্নামেন্টে ৭ গোল হয়ে গেল আমিরুলের। প্রথম দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
এ গোলের পর নতুন আশায় বুক বাঁধে বাংলাদেশ। কিন্তু মাঠ ছাড়তে হয়েছে হারের হতাশা নিয়েই।
তবে ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের লড়াইটা ছিল চমক জাগানিয়া। কারণ, ফ্রান্স গ্রুপ পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলে উড়িয়ে দেয়। এরপর অস্ট্রেলিয়াকে ৮-৩ গোলে উড়ায় তারা। সেই তাদের বিপক্ষে ৩-২ ব্যবধানে হার লড়াইয়ের কথাই বলে যায়।
বাংলাদেশ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে কোরিয়ার সাথে ৩-৩ ব্যবধানে ড্র। এবার হার।
৩ ম্যাচ শেষে অর্জনের খাতায় এক পয়েন্ট। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ।
তবে বাংলাদেশকে এখন ১৭ থেকে ২৪ নম্বর স্থান নির্ধারণীর লড়াইয়ে নামতে হবে।

