দারুণ এক হ্যাটট্রিক করলেন আমিরুল ইসলাম। সঙ্গে দুই সতীর্থের দুই গোল। তাতেই জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ।
আজ ভারতের তামিলনাড়ুতে স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫-৩ গোলের ব্যবধানে জিতেছে।
আমিরুল হ্যাটট্রিক করেন। অপর দুই গোল করেন ওবায়দুল জয় ও রাকিবুল হাসান।
জুনিয়র হকি বিশ্বকাপের ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী খেলছে বাংলাদেশ। এই পর্বের শুরুতে ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সে ম্যাচেও হ্যাটট্রিক ছাড়িয়ে পাঁচ গোল করেন আমিরুল ইসলাম। এছাড়া পুল পর্বের ম্যাচেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের শুরুটা সুবিধার ছিল না। দশম মিনিটে গোল হজম করতে হয়। পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দল। দ্বিতীয় কোয়ার্টারে আরেক গোল পায় দক্ষিণ কোরিয়া, গোল করেন লি মিনহুয়েক।
এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১ থেকে ২৪, অর্থাৎ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি কর্নার (পিসি) থেকে বাংলাদেশকে সমতায় নিয়ে আসেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে ফের পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি।
বাংলাদেশ ৫২তম মিনিটে ওবায়দুলের ফিল্ড গোলে ব্যবধান বাড়ায়। কিন্তু খানিক পরেই স্কোরলাইন ৪-৩ করে ম্যাচ জমিয়ে তোলে দক্ষিণ কোরিয়া। হ্যাটট্রিক পূর্ণ করেন লি মিনহুয়েক।
তবে জয় নিশ্চিত করতে শেষদিকে রাকিবুলের গোল উল্লাসে ভাসায় বাংলাদেশকে।
এবারই প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। বিশ্বকাপে ১৭তম স্থান নিশ্চিত করতে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে দল।

