সেই সুসময় আর নেই। যখন নেইমারের পায়ে জাদু ছিল, ছিল ড্রিবলিংয়ের ক্যারিশমা। যিনি ফুটবল প্রতিভায় ঝল তুলতেন গ্যালারিতে। চোটের সাথে লড়তে লড়তে নেইমার হারিয়েছেন তার সেরা সময়।
এখন তো জাতীয় দলে ফিরতেই কঠিন প্রতিকূল অবস্থায় আছেন ব্রাজিলিয়ান তারকা। এমনকি ৩৩ বছর বয়সী এই ফুটবলার ক্লাব ফুটবলে সান্তোসেও খুব ভালো খেলছেন না। সেখানেও চোট তাকে বাধা দিচ্ছে।
হাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে নেইমার এখন হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হয়েছে তার।
সাবেক বার্সেলোনা তারকা নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। তবে নতুন করে অন্তত ছয় মাসের চুক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। মূলত নেইমার দ্রুত খেলায় ফিরে নিজেকে প্রমাণ করে ব্রাজিল জাতীয় দলে কোচ কার্লো আনচেলত্তির মন জয় করতে চান। এরপর তার টার্গেট ইংলিশ প্রিমিয়ার লিগের কোনোও ক্লাব।
তবে সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডল রীতিমতো নেইমারকে ‘হেয়’ করেছেন। তার মতে, এখন নেইমারকে কেনা হবে শুধুই ‘জার্সি বিক্রি’ থেকে অর্থ উপার্জনের জন্য!
ক্রিস ওয়াডল বলেন, “আমার মনে হয় না, কোনো বড় ক্লাব তাঁকে নেবে। তাঁর হাঁটুতে গুরুতর চোট ছিল। প্রিমিয়ার লিগ হলো গতির খেলা। কেউ যদি তাঁকে দলে টানে, তবে সেটা হবে তাঁর প্রোফাইল আর জার্সি বিক্রির কথা মাথায় রেখে। মাঠের পারফরম্যান্সে তিনি দলকে খুব বেশি কিছু দিতে পারবেন বলে মনে হয় না।”
খোঁচা দিয়ে ওয়াডল বলেন, “নেইমার তো আর শেফিল্ড ওয়েনসডেতে খেলতে আসবেন না, তাই না? বড় কোনো ক্লাব যদি তাঁকে নেয়, তবে সেটা হবে শুধুই প্রচার আর বিপণনের জন্য। দল হিসেবে তারা কতটা শক্তিশালী হবে, সে প্রশ্ন থেকেই যায়।”
সাবেক এই ইংলিশ ফুটবলার নেইমারের বাণিজ্যিক শক্তিকে উপেক্ষা করছেন না। সামাজিক মাধ্যমে নেইমারের কোটি কোটি ফ্যান-ফলোয়ার রয়েছেন। ফলে তিনি এখনও বাণিজ্যিক দিক দিয়ে যেকোনো ক্লাবের জন্য বড় শক্তি হতে পারেন।
ওয়াডল আরও বলছেন, নেইমারকে নিয়েও বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল।
“নেইমার ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছে। সত্যি বলতে কি, ব্রাজিল এখন আগের মতো শক্তিশালী নয়। নেইমার হয়তো দলে ঢুকবে, কিন্তু আমি ওর বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনা দেখছি না।”
আরও পড়ুন:
অবশ্য নেইমার ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। ব্রাজিলের লিগের শেষ দিকে হ্যাটট্রিক করেছেন। এরপর সান্তোস যখন রেলিগেশনের মুখে, তখন চোট নিয়েই টানা তিন ম্যাচে মাঠে নামেন দলকে বাঁচাতে। এ তিন ম্যাচেই ছিলেন দুর্দান্ত। গোল করেন, গোল করান। ফলে রক্ষা পায় সান্তোস।

