মিনহাজুল আবেদিন নান্নু

বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে তৈরি হয় বড় অনিশ্চয়তা। আর্থিক ও পরিচালনাগত জটিলতায় দল চালাতে অপারগতা জানায় ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ। ফলে পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজের হাতে নিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হঠাৎ তৈরি হওয়া এই বাস্তবতায় দ্রুতই নতুন ব্যবস্থাপনা সাজায় বোর্ড। চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। নতুন দায়িত্ব নেওয়ার কারণে বিপিএলের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ান তিনি।

সুমনের পদত্যাগের পর টেকনিক্যাল কমিটিতে শূন্যতা তৈরি হয়। সেই জায়গা পূরণ করতেই আবারও দায়িত্বে ফিরলেন আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আরও পড়ুন:

শচীনের রেকর্ড ভেঙে ভিন্ন উচ্চতায় কোহলি

বোর্ড জানায়, হাবিবুল বাশার সুমনের পরিবর্তে টেকনিক্যাল কমিটিতে যুক্ত করা হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুকে। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও অভিজ্ঞ নির্বাচক বিপিএলের টেকনিক্যাল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী বিসিবি।

দীর্ঘদিন ধরে দল গঠন, ক্রিকেটার বাছাই ও টুর্নামেন্ট পরিচালনার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে নান্নুর। সেই অভিজ্ঞতাই বিপিএলের এই গুরুত্বপূর্ণ সময়ে টেকনিক্যাল কমিটিকে আরও কার্যকর করবে বলে মনে করছে বোর্ড।