ভারতীয় তারকা বিরাট কোহলি

দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিজয় হাজারে ট্রফিতে ফিরলেন বিরাট কোহলি। প্রত্যাবর্তনের ম্যাচেই যা করলেন, তা শুধু একটি সেঞ্চুরি নয়—ভারতীয় ক্রিকেট ইতিহাসে আরেকটি বড় অধ্যায়ের সংযোজন। অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে খেলতে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি, ভেঙেছেন শচীন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।

এই কীর্তির আগে পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ভারতীয় ব্যাটিং গ্রেট ৩৯১ ইনিংসে পৌঁছেছিলেন এই সংখ্যায়। বিরাট কোহলি সেখানে পৌঁছালেন মাত্র ৩৩০ ইনিংসে—যা তাঁকে টেন্ডুলকারের চেয়েও ভিন্ন এক উচ্চতায় নিয়ে গেছে।

২০১০ সালের পর বিজয় হাজারে ট্রফিতে আর দেখা যায়নি কোহলিকে। দিল্লির হয়ে সর্বশেষ তিনি খেলেছিলেন সার্ভিসেসের বিপক্ষে। ওয়ানডের বাইরে লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ ছিল ২০১৩ সালে, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে। এতদিন পর ঘরোয়া পঞ্চাশ ওভারের ক্রিকেটে ফেরার খবরে স্বাভাবিকভাবেই আগ্রহের কেন্দ্রে ছিলেন কোহলি।

নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তন করে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। মাঠে দর্শক না থাকলেও কোহলির ব্যাটিংয়ে উত্তাপের কোনো ঘাটতি ছিল না। দিল্লির হয়ে রান তাড়ায় নেমে তিনি খেলেছেন ১৩১ রানের ঝকঝকে ইনিংস। ১০১ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৩টি ছক্কা।

এই ইনিংসে দুটি গুরুত্বপূর্ণ শতরানের জুটি গড়েন কোহলি। দ্বিতীয় উইকেটে প্রিয়ানশ আরিয়ার সঙ্গে যোগ করেন ১১৩ রান, তৃতীয় উইকেটে নিতিশ রানার সঙ্গে গড়ে তোলেন ১৬০ রানের বড় জুটি। তাতে ২৯৮ রানের লক্ষ্য তাড়া করা দিল্লির জন্য সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত ৭৪ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় পায় দলটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বিরাট কোহলির ৫৮তম সেঞ্চুরি এবং বিজয় হাজারে ট্রফিতে পঞ্চম। মজার ব্যাপার, এই টুর্নামেন্টেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম চারটি সেঞ্চুরি করেছিলেন তিনি—২০০৯ আসরে। সেখান থেকেই শুরু হয়েছিল ওয়ানডে ক্রিকেটে তাঁর রাজত্বের যাত্রা।

আরও পড়ুন:

মোহাম্মদ সালাহর জন্য হল্যান্ডের শান্তির বার্তা

লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীন টেন্ডুলকার খেলেছেন ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস, করেছেন ২১ হাজার ৯৯৯ রান। কোহলি সেই সংস্করণে এখনো খেলছেন এবং ধারাবাহিকভাবে ভাঙছেন একের পর এক রেকর্ড। ১০ হাজার রানের পর থেকে প্রতিটি দ্রুততম হাজার রানের রেকর্ড এখন তাঁর দখলে।

১৬ হাজার রানের দ্রুততম তালিকায় ভারতীয় হিসেবে আছেন কেবল শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। অন্যরা হলেন গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং ও ভিভ রিচার্ডস—যাঁদের প্রত্যেকেরই লেগেছে কোহলির চেয়ে অনেক বেশি ইনিংস।

দেড় দশক পর ফেরা মানেই শুধু স্মৃতিচারণ নয়—বিরাট কোহলি দেখিয়ে দিলেন, সময় পেরোলেও ক্লাস বদলায় না। আর শচীন টেন্ডুলকারের নামের পাশে নতুন করে লেখা হলো—রেকর্ড ভাঙার গল্প।