ভারতীয় তারকা বিরাট কোহলি

বিজয় হাজারে ট্রফি যেন বিরাট কোহলির জন্য আবারও নিজেকে নতুন করে জানান দেওয়ার মঞ্চ হয়ে উঠেছে। দীর্ঘদিন পর ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে ফিরে, ব্যাট হাতে থামছেই না ভারতের এই মহাতারকা। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে খেলতে নেমে শুধু দলের জয়ে ভূমিকা রাখেননি, গড়েছেন এমন এক রেকর্ড, যা এতদিন ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইকেল বেভানের দখলে।

৬১ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কায় ৭৭ রান করেন কোহলি। দিল্লির হয়ে তার ইনিংসেই ভর করে ৯ উইকেটে ২৫৪ রান তোলে দলটি। পরে গুজরাটকে ২৪৭ রানে গুটিয়ে দিতে কোহলিও রাখেন অবদান—ফিল্ডিংয়ে নেন দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ। সব মিলিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।

এই ইনিংসের সুবাদেই ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখান কোহলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্তত পাঁচ হাজার রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন তার। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন মাইকেল বেভান, যার গড় ছিল ৫৭.৮৬। কোহলি তাকে টপকে গড় তুলেছেন ৫৭.৮৭-এ—অল্প ব্যবধানে হলেও বিশ্বরেকর্ড তো বটেই।

এই তালিকায় কোহলি ও বেভানের পর রয়েছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮), পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২) এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬)।

আরও পড়ুন:

শচীনের রেকর্ড ভেঙে ভিন্ন উচ্চতায় কোহলি

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আগের ম্যাচেই নিজের ছাপ রেখে দিয়েছিলেন কোহলি। আন্ধ্রার বিপক্ষে খেলেছিলেন ১৩১ রানের দুর্দান্ত ইনিংস। সেই ম্যাচেই সবচেয়ে কম ৩৩০ ইনিংসে ১৬ হাজার লিস্ট ‘এ’ রান পূর্ণ করে ভেঙে দেন শচীন টেন্ডুলকরের রেকর্ড। শচীনের যেখানে লেগেছিল ৩৯১ ইনিংস, কোহলি সেখানে অনেক আগেই পৌঁছে গেছেন সেই মাইলফলকে।

ওয়ানডে বিশ্বকাপের আগে এমন ছন্দে কোহলির ব্যাট ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা।