ক্রিস্টিয়ানো রোনালদোজোড়া গোলের উচ্ছ্বাস রোনালদো। ছবি: আল নাসর ফেসবুক পেইজ

বিরতির পর মাঠে ফিরেই আবারও নিজের নামের সঙ্গে ‘মাইলফলক’ শব্দটা জুড়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারের ১৩০০তম ম্যাচে জোড়া গোল করে সৌদি প্রো লিগে আল নাস্‌রের শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ন রাখলেন পর্তুগিজ মহাতারকা।

শনিবার ঘরের মাঠে আল ওখদুদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে রোনালদোর ছাপ ছিল স্পষ্ট। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারালো আল নাস্‌র প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি।

এই ম্যাচ দিয়েই রোনালদো স্পর্শ করেন অনন্য এক কীর্তি—পেশাদার ফুটবলে তার ম্যাচসংখ্যা দাঁড়ায় ১৩০০। প্রতিযোগিতামূলক ফুটবলে এর চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র দুজন। ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টন দীর্ঘদিন এই তালিকার শীর্ষে ছিলেন ১৩৯০ ম্যাচ নিয়ে। তবে গত আগস্টে তাকে ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান গোলরক্ষক ফাবিও, যার ম্যাচসংখ্যা এখন ১৪০৭। ৪৫ বছর বয়সেও ফ্লুমিনেন্সের হয়ে খেলে চলেছেন তিনি।

ম্যাচে গোলের সূচনা করেন রোনালদোই। ৩১ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন আল নাস্‌রের অধিনায়ক। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ভক্তদের আনন্দে ভাসান তিনি—গোলমুখে কাছ থেকে পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

হ্যাটট্রিকের সুযোগও এসেছিল। তবে একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে তিন গোলের উৎসব পূর্ণতা পায়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

আরও পড়ুন:
লুকা জিদানের অভিষেক জাদু, আলজেরিয়ায় আটকালো সুদান

এই জোড়া গোলের মধ্য দিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৫৬-এ। হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের পথে তার ছুটে চলা আরও এক ধাপ এগিয়ে গেল। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৪০তম গোল।

সৌদি প্রো লিগে রোনালদোর পারফরম্যান্সও চোখে পড়ার মতো। ১০ ম্যাচে ১২ গোল করে এই মৌসুমে তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে, আল নাস্‌রও দাপুটে ছন্দে। ১০ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।