Mrittunjay Chowdhury Cricfoot24

বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুইবার হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। রংপুর রাইডার্সের হয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কন, চতুর্থ বলে জহির খান এবং পঞ্চম বলে বিলাল সামিকে আউট করে এই নজির স্থাপন করেন তিনি।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় রংপুর ও নোয়াখালী। টস হেরে আগে ব্যাট করতে নেমে পয়েন্ট তালিকার তলানিতে থাকা নোয়াখালী ১৯.৫ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায়।

বল হাতে বেশ খরুচে থাকা মৃত্যুঞ্জয় শেষ পর্যন্ত নাটকীয়ভাবে হ্যাটট্রিক আদায় করেন। ২.৫ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি।

এর আগে ২০২২ সালে বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে আলোড়ন ফেলেছিলেন তিনি—চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে। এবারের আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক এবং সবমিলিয়ে বিপিএলের দশম হ্যাটট্রিক। গেল ২৭ ডিসেম্বর নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা হ্যাটট্রিক করেছিলেন সিলেট টাইটান্সের বিপক্ষে।

বিপিএলে যতো হ্যাটট্রিক:

১. মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) – প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটর্স (২০১২)

২. আল-আমিন হোসেন (বরিশাল বুলস) – প্রতিপক্ষ সিলেট সুপারস্টার্স (২০১৫)

৩. আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)

৪. ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ খুলনা টাইটান্স (২০১৯)

৫. আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) – প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস (২০১৯)

৬. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)

৭. শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) – প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)

৮. মঈন আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)

৯. মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) – প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫)

১০. মৃত্যুঞ্জয় চৌধুরী (রংপুর রাইডার্স) – প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস (২০২৬)।

এর বাইরে বাংলাদেশের বোলাররা টি-টোয়েন্টি ক্রিকেটে আরও তিনটি হ্যাটট্রিক করেছেন। সেগুলো মূলত ঘরোয়া ক্রিকেটে।

এ তিনটি হ্যাটট্রিক হচ্ছে:

১. আল-আমিন হোসেন (বিসিবি একাদশ) – প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)

২. মানিক খান (প্রাইম দোলেশ্বর) – প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)

৩. আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) – প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)।