অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল মানেই এখন এক মহাবিক্রমশালী দ্বৈরথের অপেক্ষা। টেনিস বিশ্বের বর্তমান সময়ের দুই ‘পোস্টার বয়’ কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনারকে ফাইনালে দেখার জন্য যখন পুরো মেলবোর্ন মুখিয়ে আছে, তখন তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দুই অভিজ্ঞ তারকা—নোভাক জোকোভিচ এবং আলেক্সান্ডার জভেরেভ। এই দুই মহারথী কি পারবেন আলকারাজ-সিনার রাজত্বে হানা দিতে, নাকি মেলবোর্নের ট্রফিটাও লেখা হবে নতুন প্রজন্মের হাতে?
শুক্রবার মেলবোর্নের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিট) প্রথম সেমিফাইনালে স্প্যানিশ হার্টথ্রব কার্লোস আলকারাজ মুখোমুখি হবেন তৃতীয় বাছাই আলেক্সান্ডার জভেরেভের।
এই ম্যাচটি শেষ হওয়ার পরপরই রড লেভার অ্যারেনায় শুরু হবে দিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত লড়াই—যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ।
সিনার বনাম জোকোভিচ: অভিজ্ঞতা বনাম তারুণ্যের ছন্দ
টুর্নামেন্টের টানা দুইবারের চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার এবারও ফেভারিট হিসেবেই সেমিফাইনালে পা রেখেছেন। যদিও মাঝপথে প্রচণ্ড গরমে ক্র্যাম্পের সমস্যায় খানিকটা টালমাটাল হয়েছিলেন তিনি, তবে লুসিয়ানো দারদেরি এবং বেন শেলটনের বিপক্ষে তাঁর আধিপত্য ছিল প্রশ্নাতীত।
সিনারের বর্তমান মুভমেন্ট এবং কোর্টের কোণা থেকে আক্রমণ করার ক্ষমতা তাঁকে এই মুহূর্তে অপ্রতিরোধ্য করে তুলেছে।
অন্যদিকে, ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচকে নিয়ে কৌতূহলটা একটু বেশিই। মার্গারেট কোর্টের রেকর্ড ভেঙে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মিশনে থাকা এই সার্বিয়ান কিংবদন্তি গত কয়েকদিন বিশ্রামের সুযোগ পেয়েছেন বেশি। চোটের কারণে লোরেঞ্জো মুসেত্তি সরে দাঁড়ানোয় কোয়ার্টার ফাইনালটি খুব দ্রুতই জিতে যান তিনি।
তবে জোকোভিচের পায়ের ফোসকা নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে তাঁর ভক্তদের কপালে। সিনারের মতো তুখোড় আক্রমণাত্মক খেলোয়াড়ের বিপক্ষে জোকোভিচ কতটা ক্ষিপ্রতা দেখাতে পারবেন, তার ওপরেই নির্ভর করছে এই ম্যাচের ভাগ্য।
আলকারাজ বনাম জভেরেভ: ইতিহাসের হাতছানি
২২ বছর বয়সী কার্লোস আলকারাজ এখন টেনিস বিশ্বের এক নতুন সম্রাট। ইউএস ওপেন জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা এই স্প্যানিশ তারকা মেলবোর্নে খেলছেন তাঁর ক্যারিয়ারের সেরা টেনিস। কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স ডি মিনারকে যেভাবে তিনি গুঁড়িয়ে দিয়েছেন, তাতে পরিষ্কার যে তাঁর শারীরিক শক্তি এবং শটের নিখুঁত ছোঁয়া অন্য সবার চেয়ে আলাদা।
এই টুর্নামেন্ট জিতলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ পূর্ণ করার অনন্য ইতিহাস গড়বেন তিনি।
তবে তাঁর সামনে বড় বাধা আলেক্সান্ডার জভেরেভ। আলকারাজের বিপক্ষে জভেরেভের রেকর্ড বেশ ভারসাম্যপূর্ণ—দুজনের ১২ বারের দেখায় লড়াই হয়েছে সমানে সমান। ২৮ বছর বয়সী জভেরেভের বড় অস্ত্র তাঁর দানবীয় সার্ভিস। অতীতে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালগুলোতে কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ার বদনাম থাকলেও এবার তিনি অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে আছেন।
জভেরেভ নিজেই জানিয়েছেন, সার্ভিসের পর তাঁর ফোরহ্যান্ড শটগুলো নিয়ে তিনি অনেক কাজ করেছেন, যা আলকারাজকে বিপদে ফেলতে পারে।
সব মিলিয়ে মেলবোর্ন পার্ক এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। শুক্রবারের প্রথম সেমিফাইনালে জভেরেভের মুখোমুখি হবেন আলকারাজ, আর এরপরই শুরু হবে সিনা-জোকোভিচ মহাযুদ্ধ। টেনিস প্রেমীদের জন্য এর চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে!

