বিসিবি পরিচালক নাজমুল ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলছেন

খেলোয়াড়দের তীব্র আন্দোলনের মুখে বিপিএলের খেলা বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে, সেই ‘অপমান’ কি তবে নিছক এক সাময়িক আবেগ ছিল? বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে মাঠ ছেড়েছিলেন ক্রিকেটাররা, দাবি ছিল তার পদত্যাগ। কিন্তু দুই সপ্তাহ পার হতেই দেখা গেল ভিন্ন চিত্র। বিসিবির দেওয়া ‘প্রকাশ্যে ক্ষমা চাওয়ার’ প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি, অথচ নাজমুল ইসলাম ঠিকই ফিরে পেয়েছেন তার শক্তিশালী ‘অর্থ কমিটির প্রধান’-এর পদ। আর এই ঘটনায় খোদ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (COAB) নতি স্বীকার জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

গত ১৫ জানুয়ারি বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে নেতিবাচক ও অসৌজন্যমূলক মন্তব্য করেন। তিনি বলেছিলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না।”

এর প্রতিবাদে বিপিএলের ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। বিসিবি তখন পরিস্থিতি সামাল দিতে নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেয় এবং কারণ দর্শানোর নোটিশ দেয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নাজমুল তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন। সেই আশ্বাসে ক্রিকেটাররা মাঠে ফিরলেও আজ পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা আসেনি।

গোপনে পদ ফিরে পেলেন নাজমুল নাজমুলকে সরানোর খবরটি বিসিবি ঢাকঢোল পিটিয়ে জানালেও তাকে পদে ফেরানোর কাজটা সেরেছে অনেকটা ‘গোপনে’। গত ২৫ জানুয়ারি বোর্ড সভার পর গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ফেরানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

কিন্তু আজ বিসিবির মিডিয়া বিভাগের একটি হোয়াটসঅ্যাপ বার্তায় প্রকৃত সত্য বেরিয়ে আসে। একজন অসুস্থ স্কোরারকে অনুদানের চেক হস্তান্তরের ছবিতে দেখা যায় নাজমুলকে, যেখানে তার পরিচয় দেওয়া হয়েছে ‘বিসিবির অর্থ কমিটির প্রধান’ হিসেবে। অর্থাৎ, কোনো ঘোষণা ছাড়াই তাকে গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করেছে বোর্ড।

Read More: বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কতো, হচ্ছে নতুন চুক্তি

সবচেয়ে বিস্ময়কর হলো খেলোয়াড়দের সংগঠন কোয়াবের রহস্যময় অবস্থান। এক সময় নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় থাকা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এখন সুর পাল্টে বলছেন ভিন্ন কথা। আজ তিনি জানান, বোর্ড প্রতিশ্রুতি রাখেনি এটা তাদের সমস্যা, এ নিয়ে তাদের আর কিছু বলার নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আত্মমর্যাদার প্রশ্নে ক্রিকেটাররা কি তবে আপস করে ফেললেন?