মাঠের লড়াইয়ের বাইরেও বিসিবি যে একটি বৃহৎ পরিবার, সেই বার্তা দিতেই ক্রিকেটারদের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। গত রোজার ঈদে শুরু হওয়া এই রীতি এবারও জাতীয় দলের ৩০ জন ক্রিকেটার এবং তাঁদের স্ত্রীদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে। বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের উষ্ণতা বাড়ানো।
উপহারে থাকছে ‘জে ডট’-এর রাজকীয় ছোঁয়া
গতবার শুধু ক্রিকেটারদের স্ত্রীদের উপহার দিয়ে ক্ষান্ত থাকলেও, এবার ক্রিকেটারদের জন্য থাকছে বিশেষ আয়োজন। উপহার হিসেবে ক্রিকেটাররা পাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের (জে ডট) উন্নতমানের পাজামা-পাঞ্জাবির সেট। একইভাবে ক্রিকেটারদের স্ত্রীদের জন্যও পাঠানো হচ্ছে একই ব্র্যান্ডের আকর্ষণীয় সালোয়ার-কামিজ।
উল্লেখ্য, টাইগার তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। কোয়ালিটির কারণে ব্র্যান্ডটির মধ্যে রাজকীয়তার ছোঁয়া জড়িয়ে বলে অনেকের অভিমত।
বাদ যাচ্ছে না কোচিং স্টাফ ও শিশুরাও
উপহারের এই তালিকায় কেবল ক্রিকেটাররাই নন, ঠাঁই পেয়েছেন গত এক বছরে দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট সদস্য এবং টিম বয়রাও। মোট ২০ জন স্টাফের জন্য থাকছে একই উপহার। এছাড়া ক্রিকেটারদের সন্তানদের জন্য বিসিবি পাঠাচ্ছে সুস্বাদু চকলেটের বক্স। সব মিলিয়ে বিসিবির এই ঈদ উপহার বাজেটের পরিমাণ প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
শাহরিয়ার নাফীসের কণ্ঠে ইতিবাচক সুর
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এই সংস্কৃতির সুফল দেখছেন। তিনি বলেন, “জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বোঝাপড়া সব সময়ই ভালো। তবে এই সৌজন্য উপহারের মাধ্যমে যোগাযোগ ও সম্পর্ক এখন আরও অনেক বেশি উষ্ণ হয়েছে।”
ঈদের আগে বিসিবির এমন আন্তরিকতা ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করবে বলেই মনে করছে সংশ্লিষ্টরা।

