ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
লিওনেল মেসি কি আগামী বিশ্বকাপে খেলবেন? নাকি না? সাম্প্রতিক সময়ে এই প্রশ্ন নানাভাবে ঘুরপাক খাচ্ছে। তবে এখন পর্যন্ত মেসির যে মনোভাব, তাতে মনে হতে পারে যে তিনি খেলতে চান। এজন্য অবশ্য তার শর্তও আছে।
এনিবিসি নিউজকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা মেসি। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
আটবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, যদি তিনি খেলার মতো অবস্থায় থাকেন, তাহলে বিশ্বকাপে দেখা যেতে পারে। তবে এজন্য গুরুত্বপূর্ণ হতে পারে ইন্টার মায়ামির আগামী বছরের প্রাক-মৌসুম।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ।
এই বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, ‘সত্যিটা হল, বিশ্বকাপে থাকতে পারা সবসময়ই অসাধারণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। ভালো বোধ করলে, আমার জাতীয় দলকে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে চাই।’
‘আগামী বছর ইন্টারের (মায়ামি) হয়ে প্রাক মৌসুম শুরু হলে প্রতিদিন আমি নিজের অবস্থা মূল্যায়ন করব এবং দেখব শতভাগ ঠিক আছি কিনা। আমি সত্যিই উন্মুখ, কারণ এটা বিশ্বকাপ। আমরা সবশেষ বিশ্বকাপ জিতেছি এবং মাঠে নেমে সেই শিরোপা ধরে রাখার জন্য লড়াই করতে পারা হবে দুর্দান্ত, কারণ জাতীয় দলে খেলা সবসময়ই একটি স্বপ্ন, বিশেষ করে নানা প্রতিযোগিতায়। তাই আশা করি, ঈশ্বর আমাকে আরও একবার সেই সুযোগ দেবেন।’
মেসি যোগ করেন, ‘আমি ভালো থাকার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, নিজের প্রতি সৎ থাকতে চাই। যখন (শারীরিকভাবে) ভালো বোধ করি, তখন খেলাটা উপভোগ করি। কিন্তু যখন ভালো থাকি না, সত্যি বলতে তখন আনন্দ পাই না। তাই ভালো বোধ না করলে, সেখানে যেতে চাই না।’
‘দেখা যাক, বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এই মৌসুম শেষ করব, তারপর প্রাক মৌসুম থাকবে, (বিশ্বকাপের আগে) ছয় মাস বাকি থাকবে, তখন দেখব কেমন লাগছে। আশা করি, ২০২৬ সালের প্রাক মৌসুম আমার ভালো যাবে এবং এই এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করব, তারপরই সিদ্ধান্ত নেব।’
আগামী রোববার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবে মায়ামি। মেসির জোড়া গোলে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জিতে পরের ধাপে যাওয়ার সম্ভাবনায় এগিয়ে আছে তারা। ঘরের মাঠে জিতলে এক ম্যাচ বাকি থাকতেই পরের ধাপে জায়গা করে নেবে তারা।

