আইপিএল ২০২৬-এ ১১ বলের ওভার করা অর্শদীপ সিং (Arshdeep Singh)।

আইপিএল ২০২৬-এর মঞ্চে আজ এক অবিশ্বাস্য এবং নাটকীয় ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। নিউ চণ্ডিগড়ে গুজরাট টাইটানসের বিপক্ষে বোলিং করতে এসে খেই হারিয়ে ফেললেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। ১টি নো-বল এবং ৪টি ওয়াইডের কল্যাণে ওভার শেষ করতে আর্শদীপকে করতে হয়েছে মোট ১১টি ডেলিভারি! আইপিএল ইতিহাসে এটি দীর্ঘতম ওভারের যৌথ রেকর্ড।

আর্শদীপের ম্যারাথন ওভার

ইনিংসের শেষ ওভারে বল করতে এসে চাপের মুখে দিশেহারা হয়ে পড়েন এই বাঁহাতি পেসার। তাঁর এই ‘ম্যারাথন’ ওভার থেকে গুজরাট অনায়াসেই ১২ রান তুলে নেয়। এর আগে হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর এবং মোহাম্মদ সিরাজের মতো তারকারাও ১১ বলের ওভার করার তিক্ত স্বাদ পেয়েছিলেন।

আর্শদীপের ওভারের প্রথম বল ছিল ওয়াইড। দ্বিতীয় বল থেকে কোনো রান নিতে পারেননি তেওয়াতিয়া। তৃতীয় বলও ডট। চতুর্থ বলে বাউন্ডারি আসে। পঞ্চম বল পিচে ড্রপ খায় তিনবার! আম্পায়ার নো বল ডাকেন, ব্যাট থেকেও রান আসে আরেকটি। পরের বল আবার ওয়াইড। এর পরের বলে ফের ওয়াইড, সঙ্গে বাই থেকে আসে আরেকটি রান। পরের বলটি ডট। এর পরের বল থেকে আসে ১ রান। ওভারের লিগ্যাল ডেলিভারি ৬ষ্ঠটি শেষ করতে গিয়ে আবারও ওয়াইড দেন আর্শদীপ। তবে শেষ বলটি ডট দিয়ে হাফ ছেড়ে বাঁচেন এই বোলার।

আর্শদীপ তাঁর ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও পাঞ্জাব কিংসের অন্য বোলাররা ছিলেন দুর্দান্ত।

চাহাল-বিশাখের তোপে ১৬২ রানেই আটকাল গুজরাট

অর্শদীপের বাজে ফর্মের দিনেও উজ্জ্বল ছিলেন বিশাখ বিজয়কুমার (Vyshak Vijaykumar)। ৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। গুজরাট টাইটানসকে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানে আটকে দেয় পাঞ্জাব।

আইপিএল ইতিহাসের দীর্ঘতম ওভার

IPL ইতিহাসে এখন অবধি চারজন বোলার যৌথভাবে সবচেয়ে বেশি বলের ওভার করার রেকর্ডে রয়েছেন। বিস্ময়করভাবে চারজনই ভারতের বোলার!

আর্শদীপ সিং (২০২৬) — ১১ বল

হার্দিক পান্ডিয়া (২০২৫) — ১১ বল

শার্দুল ঠাকুর (২০২৫) — ১১ বল

মোহাম্মদ সিরাজ (২০২৩) — ১১ বল।