আইপিএলের ১৯তম আসর থেকে মোস্তাফিজুর রহমানের রহস্যময় বিদায় নিয়ে ক্রিকেট বিশ্বে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল, তা যেন নতুন করে উসকে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যাকে দলে ভিড়িয়েছিল, সেই মোস্তাফিজকে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয়। দীর্ঘ তিন মাস নীরব থাকার পর ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিলেন ধুমাল।
তবে এই ‘দুর্ভাগ্য’ কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে কাজ করেছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ?
বিসিসিআইয়ের ‘নির্দেশ’ ও কেকেআরের অসহায়ত্ব
Mustafizur Rahman-কে বাদ দেওয়ার বিষয়টি যে ফ্র্যাঞ্চাইজি কেকেআরের নিজস্ব সিদ্ধান্ত ছিল না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কেকেআরের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছিল, বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে পাওয়া সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই মোস্তাফিজকে রিলিজ করা হয়েছে।
নিলামে চেন্নাই সুপার কিংসের সাথে রীতিমতো লড়াই করে যাকে কেনা হয়েছিল, তাকে এভাবে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া কেবল কেকেআরের জন্যই নয়, পুরো আইপিএলের ভাবমূর্তির জন্যও এক বড় ধাক্কা ছিল।
আইপিএল কি রাজনীতির কবলে?
পাকিস্তানি ক্রিকেটারদের বর্জন এবং মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে যখন ধুমালকে প্রশ্ন করা হয় যে, আইপিএল কি রাজনীতিমুক্ত থাকা সম্ভব? জবাবে তিনি কৌশলী অবস্থান নেন।
ধুমাল বলেন, “মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। ক্রিকেট পরিচালনায় সরকারের সরাসরি ভূমিকা নেই, তবে আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে কঠিন সিদ্ধান্ত নিতে হয়।”
ধুমালের এই ‘চারপাশের ঘটনা’ মূলত ভারতের উগ্রপন্থীদের হুমকি এবং তার জেরে সৃষ্ট ভূ-রাজনৈতিক অস্থিরতাকেই নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:
<> মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে ভারত বোর্ডেই মতবিরোধ!
<> চাপের মুখে মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স!
<> দ্য হানড্রেডে ১ কোটি ৬৪ লাখে বার্মিংহামে মোস্তাফিজ
বিশ্বকাপের ভাগ্য ও মোস্তাফিজের বর্তমান
মোস্তাফিজ ইস্যুটি কেবল IPL-এ সীমাবদ্ধ থাকেনি। এর জেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে Scotland-কে জায়গা দেওয়ার মতো চরম ঘটনাও ঘটেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা শঙ্কায় দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে বিশ্ব ক্রিকেটে এক অচলাবস্থার সৃষ্টি হয়।
অথচ এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মোস্তাফিজ বর্তমানে পাকিস্তানের PSL-এ লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। আইপিএল চেয়ারম্যানের কণ্ঠে ‘সুবুদ্ধির উদয়’ হওয়ার প্রত্যাশা থাকলেও, ঘটনা যেভাবে ঘটে গেল, এর দায় নেবে কে?

