দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (bcb) দীর্ঘ এক দশকের অচলায়তন ভেঙে সূচিত হয়েছে নতুন এক অধ্যায়। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত পর্ষদ বিলুপ্ত করার পর ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন তামিম ইকবাল। সাবেক এই সফল অধিনায়কের নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (bcci)। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজিব শুক্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন।
রাজিব শুক্লার অভিনন্দন ও আন্তর্জাতিক সম্ভাবনা
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাজিব শুক্লা Tamim Iqbal-এর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি লিখেছেন:
“বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তাঁর নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।”
ভারতের পক্ষ থেকে আসা এই অভিনন্দন বার্তা কেবল সৌজন্য নয়, বরং ICC ও ACC-র মতো বড় মঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আব্দুল্লাহ
কেন ভাঙল বুলবুলের বোর্ড? নেপথ্যে তিন অনিয়ম
সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা ভয়াবহ জালিয়াতির চিত্রই ছিল এই পরিবর্তনের মূল কারণ। এনএসসি নীতিমালার ২১ ধারা অনুযায়ী বোর্ড বিলুপ্তির পেছনে তিনটি প্রধান অভিযোগ কার্যকর ছিল। সেগুলো হচ্ছে-
নির্বাচনী হস্তক্ষেপ: সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর এপিএসের বিরুদ্ধে জেলা ও বিভাগীয় পর্যায়ে কাউন্সিলর নির্বাচনে প্রভাব বিস্তারের প্রমাণ পেয়েছে কমিটি।
ই-ভোটিং জালিয়াতি: নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় ব্যবহৃত ই-ভোটিংকে একটি বিশেষ হোটেলে বসে নিয়ন্ত্রণ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
ক্ষমতার অপব্যবহার: পদচ্যুত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গঠনতন্ত্রের তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
আরও পড়ুন: বুলবুলের দাবি তিনি ‘বৈধ’, তামিমের কমিটি ‘অবৈধ’: লড়াই তবে আদালতে!
তামিম যুগের সূচনা
বিসিবির ভাবমূর্তি পুনরুদ্ধার এবং আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই তামিমকে বেছে নিয়েছে এনএসসি। তবে এই নিয়োগ নিয়ে ক্রিকেট পাড়ায় রয়েছে ভিন্ন গুঞ্জন। গত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ানো তামিম বর্তমান বিএনপি সরকারের ‘সুনজরে’ রয়েছেন বলেই অনেকে মনে করছেন। বিশেষ করে অ্যাডহক কমিটিতে রাজনৈতিক ও ব্যবসায়ী ঘরানার প্রভাবশালী ব্যক্তিদের আধিক্য এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
অ্যাডহক কমিটির শক্তিশালী লাইনআপ
তামিমের সাথে এই ঐতিহাসিক যাত্রায় সঙ্গী হয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খানের মতো অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব। তবে কমিটির অন্য সদস্যদের রাজনৈতিক পরিচয় এখন টক অব দ্য কান্ট্রি:
সদস্যদের প্রোফাইল: বিএনপি নেতা ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ এবং আমীর খসরুর ছেলে ইসরাফিল খসরু।
ব্যবসায়ী প্রতিনিধি: প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী, ইস্পাহানির মির্জা সালমান ইস্পাহানি এবং ফাহিম সিনহার মতো ব্যক্তিত্বরা এই ১১ সদস্যের কমিটির অংশ।

