বিশ্বকাপের আগে রোমেরো, লাউতারো ও এমিলিয়ানোর চোটে আতঙ্কে আর্জেন্টিনা।বিশ্বকাপের আগে ইনজুরিতে রোমেরো, লাউতারো ও এমিলিয়ানো। ছবি: গেটি ইমেজেস

সবকিছু ঠিকঠাকই চলছিল, লিওনেল স্কালোনির ব্লু-প্রিন্ট অনুযায়ী এগোচ্ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে সব দৃশ্যপট। ২০২৬ বিশ্বকাপের যখন বাকি মাত্র দুই মাস, ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে হানা দিয়েছে ইনজুরি আতঙ্ক। দলের রক্ষণের অতন্দ্র প্রহরী, গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য বাজপাখি আর আক্রমণের অন্যতম সেরা অস্ত্র—এই তিন গুরুত্বপূর্ণ নামের চোট এখন গোটা Argentina-কে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

রোমেরোর হাঁটুতে লিগামেন্টের শঙ্কা?

লন্ডনে Tottenham হটস্পার ও সান্ডারল্যান্ডের মধ্যকার ম্যাচে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। টটেনহামের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে বল ক্লিয়ার করতে গিয়ে সজোরে ধাক্কা লাগে ক্রিস্টিয়ান রোমেরোর। মাঠে প্রাথমিক চিকিৎসার পর এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন।

কিন্তু ডান হাঁটুর তীব্র অস্বস্তিবোধ আর অসহ্য যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়। মাঠ ছাড়ার সময় রোমেরোর চোখেমুখে ছিল এক অজানা আতঙ্ক। স্কালোনির রক্ষণের মূল ভিত্তি এই খেলোয়াড়ের লিগামেন্টে বড় কোনো ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করতে এখন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় সবাই। রিপোর্ট নেতিবাচক হলে রোমেরোর বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে।

লাউতারোর সেই পুরোনো শত্রু: পেশির চোট

রক্ষণের পর চিন্তার ভাঁজ বেড়েছে আক্রমণেও। ইন্টার মিলানের গোলমেশিন Lautaro Martinez পড়েছেন পেশির ইনজুরিতে। মজার ব্যাপার হলো, ঠিক এই চোট থেকেই তিনি সম্প্রতি সেরে উঠেছিলেন। কিন্তু মাঠে ফেরার পর আবারো পুরোনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় তাকে নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বকাপের মতো আসরে লাউতারোর অনুপস্থিতি আর্জেন্টিনার গোল করার সক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে।

আরও পড়ুন: মেসির আর্জেন্টিনা কেন এমন বিবর্ণ? নেপথ্যে ৫ কারণ

হঠাৎ ছিটকে গেলেন ‘বাজপাখি’ দিবু

অ্যাস্টন ভিলার হয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে নাম ছিল এমিলিয়ানো মার্টিনেজের। কিন্তু ম্যাচ শুরুর আগের ওয়ার্মআপে বিপত্তি ঘটে। হঠাৎ শরীরিক অস্বস্তিবোধ করায় তিনি মাঠ থেকে বেরিয়ে যান এবং আর ম্যাচে ফিরতে পারেননি। তার জায়গায় গোলপোস্ট সামলান ব্যাকআপ কিপার মার্কো বিজোট।

তবে Emiliano Martinez’র ইনজুরি কতটা গুরুতর, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি অ্যাস্টন ভিলা। বিশ্বকাপের আগে দলের এক নম্বর গোলকিপারের এই হঠাৎ ছিটকে যাওয়া স্কালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ লম্বা করেছে।

আরও পড়ুন: ‘ইউরোপ পরীক্ষা’ ছাড়াই বিশ্বকাপে আর্জেন্টিনা: মেসিদের প্রস্তুতির ছক কি ঝুঁকিপূর্ণ?

আর্জেন্টিনার আকাশী-সাদা সমর্থকদের প্রার্থনা এখন একটাই—Lionel Messi’র সতীর্থরা যেন দ্রুত সেরে উঠে উত্তর আমেরিকার বিমানে উঠতে পারেন। স্কালোনির জন্য এখন বড় চ্যালেঞ্জ এই ইনজুরি সামলে দলকে মানসিকভাবে চাঙা রাখা।